স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ জুন :চোর, ডাকাত ও ছিনতাইকারিদের স্বর্গ পুরিতে পরিণত হচ্ছে বিশালগড় মহকুমা সহ গোটা সিপাহীজলা জেলা। কয়েকদিন পর পরই বিশালগড় মহকুমায় ঘটে চলছে একের পর এক ছিনতাইর ঘটনা। ধারালো অস্ত্র সহ আগ্নেয়াস্ত্র নিয়ে ছিনতাই করে যাচ্ছে ছিনতাইকারিরা। এইবার গকুলনগর রাস্তার মাথা এলাকায় প্রকাশ্য দিবালোকে পিতা-পুত্রকে ছুরি দিয়ে আঘাত করে নগদ অর্থ ছিনতাই করে নিল ছিনতাইকারিরা। জানা যায় মতিনগরের বাসিন্দা হারেজ মিয়া ও তার ছেলে সাগর মিয়া।
হারেজ মিয়ার বিশালগড় নবিনগর এলাকায় কিছু জায়গা ছিল। সোমবার বিকালে হারেজ মিয়া ছেলে সাগর মিয়াকে নিয়ে নবিনগর এলাকায় যান। সেখানে ওনার নামে থাকা জায়গা বিক্রয় করে নগদ ১১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে ছেলে সাগর মিয়ার সাথে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। গকুলনগর রাস্তার মাথা এলাকায় পৌঁছানোর পর তিন ছিনতাইকারি তাদের রাস্তা আটক করে। পিতা পুত্রকে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে তাদের কাছ থেকে নগদ ১১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারিরা।
ছিতাইকারিদের ধারালো ছুরির আঘাতে আহত হয় পিতা-পুত্র। রক্তাক্ত অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। আহত সাগর মিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় গকুলনগর রাস্তার মাথা এলাকায় পৌঁছানোর পর তিন ছিনতাইকারি জঙ্গল থেকে তিন ছিনতাইকারি বেরিয়ে এসে তাদের রাস্তা আটক করে। তারপর তাদেরকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে তাদের কাছ থেকে নগদ ১১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এইদিকে ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ছুটে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। পুলিশ আহত পিতা-পুত্রর কাছ থেকে গোটা ঘটনার বিষয়ে অবগত হওয়ার পর ঘটনার তদন্তে নেমেছে। এখন দেখার পুলিশ এই ছিনতাইর ঘটনার কিনারা করতে সক্ষম হয় কিনা।

