স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুলাই : পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক ত্রিপুরা রাজ্য কমিটি। রবিবার ফরওয়ার্ড ব্লকের রাজ্য কার্যালয় এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য কমিটির সদস্য রঘুনাথ সরকার ও পার্থ রঞ্জন সরকার জানান, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি। গত ৬ জুলাই প্রকাশ্যে এসে সেই রাজ্যের বিজেপি সভাপতি বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু গুন্ডা ছিলেন।
এর জন্য অবিলম্বে দলের পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হচ্ছে। ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বের অভিযোগ, বিজেপি বিভিন্ন রাজ্যে মাফিয়া রাজ করছে এবং তাদের বাইক বাহিনীর অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। নিজেদের গুন্ডামি আড়াল করতেই ভারতের অন্যতম মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নোংরা মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি। ফরওয়ার্ড ব্লক দাবি করেন, নেতাজির মতো জাতীয় বীরকে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের মন্তব্য দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকেই অসম্মান করে। দলের পক্ষ থেকে সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। তিনি আরো বলেন, ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা। সেই উদ্দেশ্য নিয়ে তারা সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে। পাশাপাশি এদিন তারা পিকে চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন সংগঠনের নেতৃত্ব। অভিযোগ করেন দুর্নীতিগ্রস্ত একজন আমলাকে কিভাবে রাজ্য নির্বাচন কমিশনের সর্বোচ্চ পদে রাজ্য সরকার বসায়। তাঁকে পদ থেকে অবিলম্বে বরখাস্ত করার দাবিও জানান তারা। এই সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সারা ভারত ব্লক ত্রিপুরা রাজ্য কমিটির কনভেনর বিজয় কৃষ্ণ রায়।

