স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জুলাই : রাস্তা সংস্কারের নামে শহরে চলছে প্রকাশ্যে “দিন ডাকাতি।” গোজামিল দিয়ে চলছে আগরতলা পুর নিগম এবং স্মার্ট সিটির উন্নয়নমূলক কাজ। দীর্ঘদিন ধরে দুর্গা চৌমুহনি-বড়জলা পর্যন্ত রাস্তার বেহাল দশা। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে শুধুমাত্র গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে না। মানুষের কুমড়ের হাড় পর্যন্ত ভেঙে যাওয়ার মত অবস্থা। কোন রোগী নিয়ে যাতায়াত করার মত অবস্থা নেই রাস্তাটির। গত দু’বছর ধরে রাস্তাটি সংস্কার না করার কারণে রাস্তাটির অবস্থা দিন দিন বেহাল দশায় পরিণত হয়।
গত দু- মাস আগে স্যন্দনের খবরের জেরে রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছে বরাত পাওয়া ঠিকাদার। কিন্তু কাজের গুণগতমান এতটাই নিম্নমানের যে রাস্তাটি এক মাসও টিকবে কিনা সন্দেহ সৃষ্টি হচ্ছে প্রত্যক্ষদর্শীদের। কারণ সোমবার যে দৃশ্যটি সংবাদ মাধ্যমের ক্যামেরার মধ্যে উঠে এসেছে সেটা হল বৃষ্টিতে রাস্তার গর্তে জমাট বেঁধে থাকা জলের মধ্যেই গরম পিচের ঢালাই চলছে। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতেই সঙ্গে সঙ্গে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয় পিচ। ঠিকাদার নিজের চেহারা পর্যন্ত দেখাতে চাইছেন না সংবাদ মাধ্যমের সামনে।
এলাকায় কান পাতলে শোনা যায় এলাকার মণ্ডলে চাহিদা মত অর্থ দিয়ে তিনি রাস্তা নির্মাণের কাজের অর্থ নিয়ে কারচুপিতে নেমেছেন। সোমবার সংবাদ মাধ্যমের কর্মীর হাতে ক্যামেরা দেখে বারবারই তিনি পেছন দিক দিয়ে ঘুরে শ্রমিকদের বলছেন তাড়াতাড়ি কাজ সম্পন্ন করার জন্য। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে একটাই প্রশ্ন এই গোজামিল কাজের মেয়াদ কতদিন? জনগণের অর্থে উন্নয়নমূলক কাজকর্মের এভাবেই বারোটা বাজছে প্রতিদিন। যার কোন মেয়াদ নেই। সুশাসন জামানায় এভাবেই বারোটা বেজে যাচ্ছে দুর্নীতিতে। যার কোন তদন্ত নেই।

