স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জুলাই : সোমবার থেকেই সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। সংসদ ভবনে উপস্থিত রয়েছেন বিভিন্ন দলের সাংসদেরা। ঠিক এই সময় প্রতিবাদে সরব হয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন। এদিন দেশের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং সোনম ওয়াংচুকের আন্দোলনের সমর্থনে প্রতীকী অনশন করে এসএফআই ও টিএসইউ-র। এসএফআই ও টিএসইউ-র উদ্যোগে সোমবার আগরতলায় প্রতীকী অনশন সংগঠিত করা হয়। উভয় সংগঠনের কর্মী সমর্থকরা এইদিন অনশন কর্মসূচিতে সামিল হয়।
এইদিন সকাল ১০ টা থেকে শুরু হওয়া প্রতিকি অনশন চলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এসএফআই-র রাজ্য সভাপতি সৃজন দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের প্রতীকী অনশনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি দেশের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান। একই সাথে দিল্লির যন্তর মন্ত্রের অনশন কর্মসূচিকে সমর্থন জানান। তিনি বলেন রাজ্যের ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই আন্দোলন। কারণ দেশের যতগুলো প্রশ্নপত্র ফাঁস হয়েছে সবগুলিতে জড়িত বিজেপি। আর.এস.এস দ্বারা পরিচালিত হয় এন.টি.এ। আগামী দিন এই লড়াই চলবে বলে জানান তিনি।

