বাড়িরাজ্যমানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হলো সরকারের উন্নয়নের মেরুদন্ড : মুখ্যমন্ত্রী

মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হলো সরকারের উন্নয়নের মেরুদন্ড : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুলাই : শুক্রবার রাজধানীর এ.ডি নগর স্থিত গ্রাম স্বরাজ ভবনে রাজ্যভিত্তিক পঞ্চায়েত পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বক্তব্য রেখে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় প্রতিটি পঞ্চায়েতকে স্বাবলম্বী ও আত্মনির্ভর করে তুলতে রাজ্য সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়নের সুফল যাতে প্রত্যন্ত গ্রামের প্রতিটি মানুষের কাছে পৌঁছায়, সেই লক্ষ্য নিয়েই সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।

তিনি বলেন, ‘বিকশিত ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে শক্তিশালী গ্রাম ও শক্তিশালী পঞ্চায়েত প্রতিষ্ঠায় রাজ্য সরকারের নিরন্তর প্রচেষ্টার প্রতিফলন জাতীয় স্তরে একাধিক সম্মান ও পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি প্রমাণ করে যে, রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা সঠিক দিশায় এগিয়ে চলেছে এবং সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে সফল হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, সমাজের অন্তিম প্রান্তে বসবাসকারী মানুষের কাছেও যাতে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা এবং সুশাসনের সুফল পৌঁছে যায়, সে লক্ষ্যে সকল পঞ্চায়েত প্রতিনিধি ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিষ্ঠা, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

 সরকার এবং সাধারণ মানুষকে নিয়েই কাজ করতে হবে। আর এটাই গণতন্ত্রের মূল বিষয়। মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে সরকারের উন্নয়নের মানদণ্ড। বিভিন্ন প্যারামিটারে সারা ভারতবর্ষের মধ্যে ফ্রন্ট রানার হিসেবে পঞ্চায়েতগুলি এ ক্যাটাগরিতে চলে এসেছে। প্রায় ৮০% পঞ্চায়েত এ ক্যাটাগরিতে চলে এসেছে। দেশের সর্বোচ্চ স্কোর প্রাপ্ত গ্রাম পঞ্চায়েত, সর্বোচ্চ স্কোর প্রাপ্ত ব্লক এবং সর্বোচ্চ স্কোর প্রাপ্ত জেলার সবগুলি ত্রিপুরার। এক্ষেত্রে প্রশাসনের আধিকারিক, সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার অবদান রয়েছে। এদিন বিভিন্ন প্যারামিটারে ৫১টি পুরস্কার প্রদান করা হয়। জাতীয় স্তরে অনেক পুরস্কার পেয়েছে ত্রিপুরা। এর মধ্যে সিপাহীজলা জেলা সেরা জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত দেশের সেরা হেল্থি পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হয়েছে। বৈকুণ্ঠ পুর ভিলেজ কমিটি ওমেন্স ফ্রেন্ডলি পঞ্চায়েত হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এছাড়াও মোহনপুর ব্লকের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত জাতীয় ই-গভর্নেন্স অ্যাওয়ার্ড পদক অর্জন করেছে। পরপর দুবছর এই সম্মান লাভ করে এই গ্রাম পঞ্চায়েত। অনুষ্ঠানে পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে সহ জেলা সভাধিপতি, সহ সভাধিপতি, চেয়ারম্যান, প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য