স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুলাই : অনলাইনে জনগণনা তথ্য নথিভুক্ত করলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার তাঁরা অনলাইনে স্ব-গননায় অংশ নেন। রাজ্যপাল বলেন, রাজ্যে জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের কাজ আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট, ২০২৬ পর্যন্ত চলবে। এছাড়াও স্ব-গণনা পোর্টালের মাধ্যমে ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত নাগরিকরা নিজেরাই নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন।
অপরদিকে নিজ সরকারি বাসভবনে স্ব-গণনার মাধ্যমে জনগণনা ২০২৭-এর প্রক্রিয়ায় অংশ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি নিজেই অনলাইনে নিজের তথ্য নিবন্ধন করেন। এর মাধ্যমে তিনি জনগণনা ২০২৭-এ স্ব-গণনার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, জনগণনা ২০২৭-কে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে, স্ব-গণনার ব্যবস্থা চালু করা হয়েছে। এইবারের জনগণনা খুবই তাৎপর্যপূর্ণ। আরো বলেন, জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি।

