স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১১ জুলাই : পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে নেশা কারবারীদের আস্তানা হয়ে উঠেছে তেলিয়ামুড়া বাজার। নিরাপত্তা ছিটেফোঁটাও নেই। রাত ৯ টার পর দিকে দিকে শুরু হয় জুয়াড়ি ও নেশাগ্রস্তদের উৎপাত। শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া বাজারে একটি মদের কাউন্টারে দুই পক্ষের মধ্যে শুরু হয় ঝামেলা। পরে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় শনিবার মদের কাউন্টারে পুলিশের বিশেষ অভিযান চলে দীর্ঘক্ষণ। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া বাজারে একটি মদের কাউন্টারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়
। রাত আনুমানিক ১২টা নাগাদ একদল মদ্যপ যুবক বাজার এলাকায় উশৃঙ্খল আচরণ শুরু করলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবকদের মধ্যে একাংশের বাড়ি রাজধানী আগরতলায়। মদ্যপ অবস্থায় তারা উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি, অশোভন আচরণ এবং বাজার এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি করতে থাকে। এতে স্থানীয় ব্যবসায়ী ও কয়েকজন যুবক প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষেরই কয়েকজন আহত হন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তেলিয়ামুড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়। পরে ঘটনাস্থল থেকে চারজন উশৃঙ্খল যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে TR 01 CG 0445 নম্বরের একটি মারুতি ইকো গাড়িও জব্দ করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে পুলিশ। থানার নির্ভরযোগ্য সূত্রের খবর, আটক চার যুবকের মধ্যে দু’জনের বাড়ি রাজধানী আগরতলায়। অপর দু’জন তেলিয়ামুড়া এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।
শুক্রবার রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া থানার পুলিশ বাজার এলাকার বিভিন্ন মদের কাউন্টারে বিশেষ অভিযান চালায়। অভিযোগ, বাজারের কয়েকটি মদের কাউন্টারে বৈধ মদ বিক্রির পাশাপাশি অবৈধ আড্ডার আসর নিয়মিত বসে। এসব আড্ডাকে কেন্দ্র করে মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় উশৃঙ্খলতা, মারামারি ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটে। এর ফলে শহরের শান্তিপূর্ণ পরিবেশ ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের। শনিবারের অভিযানে তেমন কাউকে আটক করা সম্ভব না হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে একাংশ দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। বিভিন্ন কাউন্টারে তল্লাশি চালিয়ে সংশ্লিষ্টদের কড়া সতর্কবার্তা দেয় পুলিশ এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়। এ প্রসঙ্গে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার জানান, শহরের আইন-শৃঙ্খলা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আগামী দিনেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মদ্যপ অবস্থায় জনশৃঙ্খলা নষ্ট করা, অবৈধ আড্ডা পরিচালনা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের চলমান অভিযানে সাধারণ মানুষের একাংশ স্বস্তি প্রকাশ করলেও, বাজার এলাকায় অবৈধ আড্ডা ও উশৃঙ্খলতা স্থায়ীভাবে বন্ধে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয়রা।

