স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ এপ্রিল : ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা। ঘটনা কমলপুর মহকুমার ঘাঁটি বাজার সংলগ্ন এলাকায়। ঘটনায় আহত ৪ জন যাত্রী। ঘটনার বিবরণে জানা যায়, কলাছড়ি থেকে হালহালি যাওয়ার পথে বাইকে করে যাচ্ছিলেন সুমন ঘোষ ও তার অপ্রাপ্তবয়স্ক ছেলে শান্তুনু ঘোষ।
একটি ওয়াগনার গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। ঠিক সেই সংকটময় মুহূর্তে কুলাই থেকে কমলপুরের দিকে যাত্রী নিয়ে আসা একটি ইলেকট্রিক ট্রিও গাড়ি সামনে চলে আসায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। ফলে ওই ট্রিও গাড়িটিও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।
এতে গাড়িতে থাকা ৪ জন যাত্রী আহত হন, যদিও তারা প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে যান। দুর্ঘটনায় সবচেয়ে গুরুতর জখম হন বাইক চালক সুমন ঘোষ—তার একটি হাত ভেঙে যায় এবং অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে তার ছেলে শান্তুনু ঘোষের কমলপুর BSM হাসপাতালে চিকিৎসা চলছে। ইলেকট্রিক ট্রিও গাড়িটির মালিক সুশীল শব্দকর বাড়ি শান্তিরবাজার বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

