বাড়িরাজ্যমার্কেট থেকে বঞ্চিত করে বিদ্যুৎ ব্যবসায়ীদের উচ্ছেদের জন্য তিন দিনের নির্দেশ জারি...

মার্কেট থেকে বঞ্চিত করে বিদ্যুৎ ব্যবসায়ীদের উচ্ছেদের জন্য তিন দিনের নির্দেশ জারি পুর নিগমের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জুন : গত কয়েক বছরে আগরতলা শহরকে সাজিয়ে তুলতে একাধিক অভিযান নজরে এসেছে শহরবাসীর। পুনর্বাসনের ব্যবস্থা না করেই নিগমের বুলডোজার চালানো হয়েছে পূর্বতন সরকারের আমল থেকে যারা সরকারি জমি দখল করে ব্যবসা করছিলেন। এবার রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী এলাকায় বিদ্যুৎ সরঞ্জাম বিক্রেতাদের তিনদিনের সময় বেঁধে দিল আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। তিন দিনের মধ্যে দোকান গুটিয়ে অন্যথায় চলে যাওয়ার জন্য মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের বক্তব্য দীর্ঘ বছর ধরে তারা এই জায়গায় ব্যবসা করে আসছে। বিগত দিনে দোকান নিয়ে সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও তারা বিষয়টি গ্রহণ করেনি। কিন্তু এবার মৌখিকভাবে তাদের জানিয়ে দেওয়া হয়েছে দোকান নিয়ে অন্যথায় চলে যেতে হবে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তিন দিন। এতে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের বক্তব্য, তাদের জন্য কোনো বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে।

বামফ্রন্ট আমলে তাদের জন্য রাস্তার বিপরীত পাশে একটি মার্কেট শেড নির্মাণ করা হয়েছিল। যা বর্তমানে তাদের বঞ্চিত করে ভাড়া দেওয়া হয়ে গেছে বলে তাদের অভিযোগ। তারা আরো জানান, পুনর্বাসনের সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া তাদের উচ্ছেদ করা হলে বহু পরিবার আর্থিক সংকটে পড়বে। তারা প্রশাসনের কাছে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং বিকল্প ব্যবসায়িক জায়গার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। অন্যদিকে পুর নিগমের বক্তব্য এখনও আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি। ফলে পুরো বিষয়টি নিয়ে ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য