মুম্বই, ৫ জুলাই (হি.স.): রবিবার মহারাষ্ট্রের ৪টি জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)| সেইসঙ্গে মহারাষ্ট্রের আরও ৯টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উপকূল অঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে বলেও জানিয়েছে আইএমডি।
রবিবার আইএমডি সূত্রে জানা গেছে, মুম্বই, থানে, পালঘর এবং রায়গড় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে| এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, পুণে, সাতারা, কোলহাপুর, নাসিক ও বিদর্ভের কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে| এই সব এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছত্রপতি সম্ভাজিনগর, বিড, হিঙ্গোলি সহ বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে| এইসব অঞ্চলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার সকাল থেকে মুম্বই এবং তার আশেপাশের এলাকায় একটানা বৃষ্টিতে নিচু এলাকা জলমগ্ন| এর জেরে কিছু জায়গায় লোকাল ট্রেন পরিষেবা এবং সড়কে যান চলাচলে প্রভাব পড়েছে। আরব সাগরে সৃষ্ট নিম্নচাপ বলয়ের জন্য হাওয়ার গতিবেগ বেড়েছে। উপকূলের সংলগ্ন এলাকায় ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে|

