চন্ডীগড়, ৫ জুলাই (হি.স.): হরিয়ানার বাহাদুরগড়ে দিল্লি ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শুটার নিহত হয়েছে। রবিবার ভোররাতে দিল্লি পুলিশের বিশেষ সেল ও হরিয়ানা পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। মৃতদের নাম প্রবেশ এবং হিমাংশু। তাদের ধরিয়ে দিলে দু’লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছিল হরিয়ানা পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিক প্রমোদ কুশওয়াহা জানান, খুন-সহ একাধিক অপরাধে যুক্ত এই দু’জন দীর্ঘ দিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাচ্ছিল। ধরা পড়ার পরে তাদের অস্ত্র ফেলে দিতে বলা হয়। তা না করে পাল্টা গুলি চালায় তারা। ঘটনায় এক পুলিশ কনস্টেবলও গুলিবিদ্ধ হয়েছেন।
এসপি বিক্রান্ত ভূষণ জানিয়েছেন, মৃতরা হল – হিসার জেলার টিব্বা দানাশের এলাকার বাসিন্দা প্রবেশ এবং জাখোদ খেড়া গ্রামের বাসিন্দা হিমাংশু। তিনি আরও জানান, তাদের প্রত্যেকের মাথার দাম ছিল ১ লক্ষ টাকা। গত ১১ জুন হানসিতে জিম পরিচালক কপিল হত্যাকাণ্ডের ঘটনায় তারা পুলিশের ‘ওয়ান্টেড’ তালিকায় ছিল।

