স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জুলাই :বেপরোয়া ভাবে এসে দুর্ঘটনায় পড়ল সরকারি গাড়ি। ঘটনা, রাজধানীর নন্দননগর স্কুল চৌমুহনি এলাকায়। অনেকের মতে গাড়ি চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ঘটনার বিবরণে জানা যায় রাতের বেলা দুইটার নাগাদ এলাকাবাসী বিকট শব্দ পেয়ে বাড়ি থেকে বের হয়ে দেখে রাস্তার পাশে ২৫ ফুট নিচে একটি জঙ্গলের মধ্যে গাড়িটি পড়ে আছে। গাড়ির নম্বর টি আর ০১ জে ৩৬৫৯ ।
গাড়ির মধ্যে একটি সাদা কাগজে লেখা আছে গভার্নমেন্ট অফ ত্রিপুরা সেক্রেটারিয়েট। স্থানীয়রা জানান, গাড়ির ভেতর থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের এবং পুলিশকে। তারপর দমকল কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা মনে করছে গাড়িচালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। যার কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে। তবে রাতের বেলা আগরতলা শহর দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শহরে বুকে একাধিক থানা থাকলেও রাতের বেলা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কোন টহলদারি এবং নাকা চেকিং নেই বলা চলে।
যার কারণে শহরে মাদক কারবারি সহ অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। আর কুম্ভ নিদ্রা ভাঙছে না শহরের একাধিক গুরুত্বপূর্ণ থানার ওসি বাবুদের। দীর্ঘদিন শহরে চাকরি করা নিরাপত্তার কাল হয়ে দাঁড়িয়েছেন তারা। যাইহোক তদন্তে এখন গাড়িটি সরকারি গাড়ি ছিল কিনা সেটাই এখন দেখার বিষয়। আর সরকারি গাড়ি হলে এত রাতের বেলা কি চলছিল গাড়িটি দিয়ে, কোন পাচারের সঙ্গে জড়িত রয়েছে কিনা সেটা সংশয় অনেকের মনে।

