স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জুলাই : আগামী ২২ জুলাই থেকে শুরু হতে চলেছে রাজ্যের ঐতিহ্যবাহী ২৬৫ তম খারচি পূজা এবং মেলা। এবছর খারচি পূজার থিম হলো একটি গাছ মায়ের নামে। রবিবার পুরাতন আগরতলা ব্লকের ডেভেলপমেন্ট অফিস কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান মেলার চেয়ারম্যান তথা এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। তিনি জানান, কোন এক সময় খারচি পূজা রাজাদের পূজা ছিল।
তারপর জনজাতিদের পূজা হিসেবে ধরে নেওয়া হতো। বর্তমান সময়ে দাঁড়িয়ে খারচি সার্বজনীন পূজা এবং উৎসব হিসেবে ধরা হয়। খারচি পূজায় দেশ বিদেশ থেকে পর্যটক ও পূর্ণার্থীরা আসেন। এ বছরও বহু মানুষের সমাগম হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা হাত ধরে খারচি মেলার উদ্বোধন হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এ বছর থিমের পরিপ্রেক্ষিতে প্রতিদিন ১ হাজার চারা গাছ বিতরণ করা হবে। তিনি আরো জানিয়েছেন, কোন ধরনের স্বজন-পোষণ যাতে না হয় তার জন্য লটারির মাধ্যমে মেলার ভিটি বন্টন হবে। আরো জানিয়েছেন ইতিমধ্যে খারচি পূজা ও মেলাকে কেন্দ্র করে চৌদ্দ দেবতা মন্দির সাজানোর কাজ, রাস্তা সংস্কারের কাজ সহ পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়ে গেছে।

