স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ আগস্ট : গৃহ শিক্ষিকার স্বামী কর্তৃক ধর্ষিতা নাবালিকা। আসামির ২০ বছরের সাজা ঘোষণা করলো আদালত। ঘটনার বিবরণে জানা যায়, গৃহ শিক্ষিকার বাড়িতে পড়তে গিয়ে গৃহ শিক্ষিকার স্বামী কর্তৃক ধর্ষিত এই নাবালিকা। ঘটনাটি ঘটে কুমারঘাট থানা এলাকায়। এগারো বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে এক আসামিকে দোষী সাব্যস্ত করেছে।
এগারো বছরের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এক নাবালিকা তার এক গৃহ শিক্ষিকার বাড়িতে যেত পড়ার জন্য। গৃহ শিক্ষিকা যখন বাড়িতে পূজা দিতেন, তখন খালি ঘরের সুযোগ নিয়ে হরকুমার দেবনাথ নাবালিকা মেয়েটিকে প্রায়ই ধর্ষণ করত। ২০২৩ সালের পাঁচ জুলাই মেয়েটি শিক্ষিকার বাড়িতে যাবার পর আর সেই শিক্ষিকার বাড়িতে যেতে রাজি হতো না। পরবর্তী সময় মেয়েটির পরিবারের লোকেরা জানতে পারে মেয়েটিকে প্রায়ই জোরপূর্বক ধর্ষণ করা ঘটনা। পরবর্তী সময়ে মেয়েটির বাবা কুমারঘাট থানায় হরকুমার দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী অফিসার মহিলা ইন্সপেক্টর মন্দিরা দেবনাথ ২০২৩ সালে ৩১ জুলাই মামলার চার্জশিট জমা দেন। এই মামলায় মোট বারো জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে আদালত। বৃহস্পতিবার স্পেশাল জজ অমরেন্দ্র কুমার সিং আসামী হরকুমার দেবনাথকে চূড়ান্ত রায়ে ২০ বছরের জেল ১১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে চার মাসের জেল প্রদান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পি পি সুনির্মল দেব। উক্ত বিষয়ে আজ সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান স্পেশাল পি পি সুনির্মল দেব এবং আইনজীবী সন্দীপ দেবরায়।

