স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ আগস্ট :যানজট শব্দটি বর্তমানে আগরতলা শহরবাসীর জন্য বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারন ট্রাফিক পুলিশের গাফিলতি ও উদাসীনতার কারনে বর্তমানে প্রায় প্রতিদিন আগরতলা শহরের কোথাও না কোথাও যানজট দেখা দেয়। আর এই যান জটের কারনে স্কুল পড়ুয়ারা জেমন সঠিক সময়ে বিদ্যালয়ে পৌছাতে পারে না, তেমনি অপরদিকে সরকারি কর্মচারীরাও নির্দিষ্ট সময়ে অফিসে পৌছাতে গিয়ে সমস্যার মধ্যে পরে। রাজধানীর বটতলা, মোটর স্ট্যান্ড, উত্তর গেইট, ফায়ার ব্রিগেড চৌমুহনী, জিবি বাজার এই সকল এলাকায় প্রায় সময় যান জটের কথা শুনা যায়।
বর্তমানে নতুন সংযোজন হয়েছে ইন্দ্রনগর বড় ব্রিজ সংলগ্ন চৌমাথাটি। মোটর স্ট্যান্ড থেকে জিবি যাওয়ার সড়কের ইন্দ্রনগর বড় ব্রিজ সংলগ্ন এলাকায় বাধের পাড়ের রাস্তাটি ক্রস করেছে। ফলে সেখানে তৈরি হয়েছে চৌমাথা। বাধের পাড়ের সড়কটি সংস্কার করার ফলে চন্দ্র পুর থেকে যারা লেইক চৌমুহনী যাবে তারা যানবাহন নিয়ে শহরে না গিয়ে বাধের পাড়ের রাস্তা দিয়ে সোজা চলে আসে। অপরদিকে তেলিয়ামুড়া, জিরানীয়া, রাণীর বাজার এবং খয়েরপুরের দিক থেকে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সও চন্দ্রপুর থেকে বাধের পাড়ের রাস্তা ধরে সোজা চলে আসে। আবার লেইক চৌমুহনী থেকে যারা চন্দ্র পুর যাবে তারাও যানবাহন নিয়ে সোজা বাধের পাড়ের রাস্তা দিয়ে চলে আসে। এমনিতেই জিবি-মোটর স্ট্যান্ড সড়কে প্রতিনিয়ত যানবাহন চলাচল করে।
বর্তমানে বাধের পাড় দিয়ে যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারনে বাধের পাড় রাস্তাটি যে জায়গায় জিবি-মোটর স্ট্যান্ড সড়ক ক্রস করেছে সেখানে প্রতিদিন সকাল বিকাল অফিস টাইমে চরম যানজটের সৃষ্টি হয়। আরও এই যানজটে পরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় যানবাহন সকল স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের গাড়ি। অথচ সেখানে নেই কোন ট্রাফিকের ব্যবস্থা। প্রায় প্রতিদিন স্থানীয় কার্গিল বাজারের ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করেন। বুধবারও অনুরূপ চিত্র সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় ফুটে উঠে। এইদিন অফিস টাইমে ইন্দ্রনগর বড় ব্রিজের সামনে চরম যানজটের সৃষ্টি হয়। আটকে পরে শতশত ছোট বড় যান বাহন। যানজটে আটকে পড়া এক মহিলা জানান ইন্দ্রনগর বড় ব্রিজের সামনে কোন ট্রাফিক পুলিস থাকে না। সেখানে প্রতিদিন যান জটের দেখা দেয়। যার কারনে ছেলে মেয়েদের নির্ধারিত সময়ে স্কুলে পৌঁছে দিতে পারে না। বিদ্যালয়ে ছেলে মেয়েদের সঠিক সময়ে নিয়ে যেতে না প্রায় বিদ্যালয় থেকে ছেলে মেয়েদের নিয়ে ফিরে আসতে হয়।
এইদিন যানজটে আটকে পড়ে স্কুল বাসও। এক স্কুল বাসের চালক জানান এইদিন দীর্ঘ প্রায় ৩০ মিনিট সময় যানজটে আটকে রয়েছেন। বাসের মধ্যে গরমে ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। যানজটের কারনে নির্দিষ্ট সময়ে তিনি ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ে পৌছাতে পারেন না। প্রায় প্রতিদিন অফিস টাইমে ইন্দ্র নগর বড় ব্রিজের সামনে যান জটের সৃষ্টি হয়। কিন্তু সেখানে নেই ট্রাফিক পুলিশের ব্যবস্থা। ইন্দ্রনগর বড় ব্রিজের সামনে যানজটের কারনে আটকে পড়া যানবাহনের চালক থেকে যাত্রী সকলে এইদিন ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সকলের দাবি ইন্দ্রনগর বড় ব্রিজের সামনে চৌমাথায় স্থায়ী ভাবে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হোক। যাতে করে সেখানে নিত্যদিন যান জটের সৃষ্টি না হয়।

