স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ আগস্ট :উদয়পুর মহকুমার কিল্লা থানাধীন খুপিলং ফরেস্ট বিটের অধীনে বিস্তীর্ণ জমির পাট্টার নামে দখল করছিল রণমোহন জমাতিয়া নামে এক ব্যক্তি। শান্তি বনায়ন জে এফ এম সি কমিটির পক্ষ থেকে বাঁধা দেওয়া হলে জেএফএমসি কমিটির ১৭ জনের নামে মামলা দায়ের করেন রনমোহন জমাতিয়া। এদিকে জেএফএমসি কমিটির পক্ষে কিল্লা থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা রাখেনি বলে অভিযোগ।
পুলিশ রণমোহন জমাতিয়ার মামলা হাতে নিয়ে জেএফএমসি কমিটির সদস্যদের আটক করার জন্য চেষ্টা করছে বলে অভিযোগ। অবশেষে দীর্ঘ তালবাহানার পর জেএফএমসি কমিটি সহ এলাকাবাসীরা একত্রিত হয়ে উদয়পুর- আঠারোভোলা সড়কের খুপিলং ফরেস্ট বিট সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করেন। সকাল দশটা থেকে চলে এই অবরোধ। অভিযোগ বনজ সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মামলা হয় জেএফএমসি কমিটির বিরুদ্ধে। কিল্লা থানায় মামলা করতে গেল মামলা রাখছে না পুলিশ। অথচ জোর জবরদস্তি বন দখল করা ব্যক্তি কমিটির নামে মামলা করতেই ১৭ জনের নামে মামলা দায়ের। তাই ওসি বিকাশ দেব্বর্মার দ্বিচারিতায় সরব হয়ে রাস্তায় নামলো এলাকাবাসী। রাস্তায় টায়ার জ্বালানো হয়। উল্লেখ্য পূর্বে এই বিস্তীর্ণ অঞ্চলে বসবাস ছিল।
১৯৮০ সালের দাঙ্গার পর সেখান থেকে বাঙালিরা চলে আসে। পরবর্তীতে ২০০০ সালে শান্তি বনায়ন জে এফ এম সি কমিটি গঠিত হয়। এদিকে ২০০৭ সালে প্রায় দেড়শ হেক্টর জায়গার মধ্যে রণমোহন জমাতিয়াকে পাট্টা দেওয়া হয় বলে অভিযোগ। যদিও জে এফএমসি কমিটির অভিযোগ এই পাট্টা নকল। এদিকে বুধবার গ্রামবাসীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার এবং বনজ সম্পদ রক্ষা এবং ওসি বিকাশ দেব্বর্মার বদলির দাবিতে উদয়পুর- আঠারোভোলা রাস্তা অবরোধ করে এলাকাবাসী সহ জেএফ এমসি কমিটি। পরবর্তীতে দুপুর বারোটা নাগাদ উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক এবং উদয়পুর মহাকুমা ফরেস্ট আধিকারিক ঘটনাস্থলে ছুটে কি শান্তি বনায়ন জে এফ এম সি কমিটির জায়গা পরিমাপ করে বুঝিয়ে দেওয়া এবং মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার হয়। উল্লেখ্য এদিন রাস্তা অবরোধের ফলে অবরোধ স্থলের দুই পাশে প্রচুর পরিমাণে ছোট, বড় যানবাহন আটকা পড়ে। দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল- কলেজ পড়ুয়া এমনকি সরকারি চাকুরিজীবীদের।

