স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ জুলাই : অপরিকল্পিত শহর আগরতলা। আর সেই অপরিকল্পিত শহরকে স্মার্ট সিটিতে পরিণত করা হচ্ছে। এমনিতেই শহর আগরতলার বড় সমস্যা যানজট ও যানবাহন পার্কিং-এর। শহরে নেই পর্যাপ্ত পরিমাণে যানবাহন পার্কিং-এর জায়গা। একটা সময় পুরাতন আগরতলা মোটর স্ট্যান্ড থেকে শহরের একাধিক স্থানের অটো চলাচল করত। তখন জায়গাও ছিল বেশি। বর্তমানে পুরাতন মোটর স্ট্যান্ডে চলছে আধুনিক মানের মাল্টি কমপ্লেক্স বিল্ডিং নির্মাণের কাজ। যার কারনে জায়গা সংকুচিত হয়ে গেছে।
অটো চালকরা জায়গা ভাগ ভাগ করে স্বল্প জায়গা ব্যবহার করে শহরের বিভিন্ন স্থানে অটো পরিষেবা প্রদান করে থাকে। বর্তমানে তারা যে জায়গা থেকে অটো পরিষেবা প্রদান করে থাকে, সেই জায়গাটি পুর নিগমের মেয়র ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা করে অটো চালকদের ব্যবহার করতে দেওয়া হয়। শুক্রবার আচমকা যান জটের কথা বলে অটো চালকদের তাদের জন্য নির্ধারিত জায়গা খালি করে দেওয়ার জন্য বলা হয় প্রশাসন থেকে। জানিয়ে দেওয়া হয় যে জায়গাটি অটো চালকরা ব্যবহার করছে সেই জায়গায় নির্মীয়মাণ মাল্টি কমপ্লেক্সের মূল ফটক হিসাবে ব্যবহার করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে যায় অটো চালকরা। অটো চালকরা অটো পরিষেবা বন্ধ করে দিয়ে আন্দোলনে সামিল হয়।
অটো চালকরা এইদিন প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে। এক অটো চালক স্পষ্ট জানান অনেক পরিশ্রম করে বর্তমান সরকার প্রতিষ্ঠা করেছেন। বামফ্রন্ট সরকারকে উৎখাত করতে গিয়ে মারও খেয়েছেন। তারা অটো চালালে কি হবে ওনাদেরও ব্রেইন রয়েছে। তারাও অনেক কিছু করতে পারেন। কিন্তু তারা চান সকলে যেন চলতে পারে। অপর এক অটো চালক জানান কিছুটা জায়গা ব্যবহার করে ৮ টি স্থানে অটো পরিষেবা দিচ্ছেন ওনারা। বর্তমানে তাদের সেই জায়গাও খালি করে দেওয়ার জন্য বলা হচ্ছে। তাহলে তারা অটো নিয়ে কোথায় যাবেন। পুর নিগমের মেয়র তাদেরকে এই জায়গাটি নির্ধারণ করে দিয়েছে। রাস্তায় অটো রাখলে ট্রাফিক পুলিশ জরিমানা করে। অটো না চালালে তারা কি করে খাবে। অটো চালকরা পরিষেবা প্রদান বন্ধ করে দেওয়ার খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ অটো চালকদের সাথে কথা বলে আলোচনায় বসার আশ্বাস দেয়। তারপর অটো চালকরা আন্দোলন প্রত্যাহার করে অটোর পরিষেবা প্রদান স্বাভাবিক করে। তবে এইদিন অটো চালকদের আন্দোলনের ফলে বেশকিছু সময় ধরে ভোগান্তির শিকার হতে হয় সাধারন মানুষকে।

