স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ জুলাই :সামনেই টিটিএএডিসি নির্বাচন। তার আগে শোধরানোর চেষ্টা করছে না রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার। শুক্রবার দুপুরে ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত পানবোয়া পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়েছে রেগার শ্রমিকরা। অভিযোগ দীর্ঘদিনের বকেয়া মজুরি না পাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
শ্রমিকদের মধ্যে অনেকে জানান, পানবোয়া পঞ্চায়েতের অধীনে রেগার কাজ করা শ্রমিকরা গত কয়েক মাস ধরে তাদের মজুরি পাচ্ছেন না। বারবার পঞ্চায়েত অফিসে যোগাযোগ করেও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে তারা একজোট হয়ে এদিন দুপুরে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয়। তাদের দাবি, যত দ্রুত সম্ভব তাদের বকেয়া মজুরি পরিশোধ করতে হবে।
এই ঘটনায় পঞ্চায়েত এলাকার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে। শ্রমিকদের দাবি, মজুরি না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এই বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

