স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ এপ্রিল : গত ১৪ মার্চ স্যন্দন পত্রিকায় প্রকাশিত খবর “অনুপ্রবেশ রুখতে কড়া অভিবাসন আইন মোদি সরকারের” এই প্রসঙ্গে রেফারেন্স পিরিয়ডে জানতে চেয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। এ বিষয়ে মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, এ বিষয়ে কেন্দ্র সরকারের একটি প্রস্তাবিত বিল হয়েছে। কিন্তু এটা এখনো আইন হিসেবে পাশ হয়নি। তবে এই আইন পাস হলে ত্রিপুরাতেও বলবৎ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরার ক্ষেত্রে মূল বিষয় হলো অনুপ্রবেশ বন্ধ করা।
ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশ। যখনই কেউ বেআইনিভাবে ভারতে আসছে তাদের বিরুদ্ধে ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট অনুযায়ী বেআইনি প্রবেশকারী বাংলাদেশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং পাচারের সাথে যেসব দালাল যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারা অনুযায়ী মামলা নেওয়া হচ্ছে। ২০২২ সালে ১১২ টি মামলা হয়েছে, ২০২৩ সালে ৩৩৩ টি মামলা, ২০২৪ সালের ৩২৭ টি মামলা নেওয়া হয়েছে। ইন্ডিয়ান ফরেনার অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট ধারা তাদের উপর লাঘু করা হয়েছে। বিশেষ করে প্রশাসন অনুপ্রবেশকারীদের রুখতে নজর দিয়ে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী।

