স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মে : অগ্নিদগ্ধ হয়ে ১৮ বছরের তরুণী গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী, শাশুড়ি ও শ্বশুরকে গ্রেফতার করেছে যাত্রাপুর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, কাঠালিয়া ব্লকের অন্তর্গত ভবানীপুর এলাকায় জয়িতা সরকার অগ্নিদগ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। এই ঘটনার পর, গৃহবধূ জয়িতার বাপের বাড়ির লোকজন যাত্রাপুর থানায় স্বামী বিপদ সরকার, শাশুড়ির ঝনা সরকার এবং শশুর পরিমল সরকার সহ তিনজনের বিরুদ্ধে যাত্রাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভবানীপুরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত তিনজনকে আটক করেছে যাত্রাপুর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই জয়িতার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল। স্বামী কর্মসূত্রে চেন্নাইয়ে থাকলেও বাড়িতে ফিরলেই স্ত্রীর উপর অত্যাচার করতেন বলে অভিযোগ করেছেন জয়িতার স্বজনরা। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি ও নির্যাতনের জেরেই জয়িতা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও দাবি পরিবারের। এরই মধ্যে গত রবিবার নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় পরদিন। বিয়ের পাঁচ বছরের মধ্যে গৃহবধূ এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী হয়েছিল। বুধবার যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, একটি মামলা রেজিস্টারভুক্ত করে তদন্ত শুরু করেছেন। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

