বাড়িরাজ্যটাউন বড়দোয়ালিতে বিজেপি-র পণ্ডিত দীনদয়াল প্রশিক্ষণ বর্গ শুরু আগামীকাল

টাউন বড়দোয়ালিতে বিজেপি-র পণ্ডিত দীনদয়াল প্রশিক্ষণ বর্গ শুরু আগামীকাল


আগরতলা, ১৩ মে (হি.স.) : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান-২০২৬-এর অংশ হিসেবে আগামীকাল, বৃহস্পতিবার থেকে আগরতলার টাউন বড়দোয়ালি মণ্ডলে শুরু হচ্ছে দু’দিন একরাত্রির বিশেষ প্রশিক্ষণ বর্গ। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

বুধবার আগরতলায় বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তুলতে বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল, জেলা এবং রাজ্য স্তরের কার্যকর্তাদের ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে দলের আদর্শ, সাংগঠনিক কাঠামো, জনসংযোগ কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার, কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প এবং রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হবে।

তিনি জানান, প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী সকল কার্যকর্তার জন্য কয়েকটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। শিবির চলাকালীন মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে প্লাস্টিকজাত সামগ্রী ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য রাত্রিযাপন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে তাঁরা পূর্ণাঙ্গভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে।

সুব্রত চক্রবর্তী আরও বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মানববাদ ও অন্ত্যোদয়ের দর্শনকে সামনে রেখে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং তৃণমূল স্তরের নেতৃত্বকে দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলাই এই মহাঅভিযানের মূল লক্ষ্য।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি-র প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস, দলের প্রবক্তা অস্মিতা বণিক, মিডিয়া ইনচার্জ সুনীত সরকার এবং আইটি সেলের প্রধান চন্দন দেবনাথ।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন মণ্ডলে পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ বর্গ আয়োজন করা হবে। এর মাধ্যমে নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করে তোলার লক্ষ্য নিয়েছে বিজেপি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য