স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি : গভীর রাতে আক্রান্ত বিজেপি রামচন্দ্রঘাট যুব মোর্চার মন্ডল সভাপতি রূপক ঘোষ। অভিযোগ তীর তিপ্রা মথার আশ্রিত দুর্বৃত্তদের বিরুদ্ধে। প্রতিবাদে সড়ক অবরোধে বসে যুব মোর্চার কর্মীরা।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক দুইটা নাগাদ খোয়াই ২৪ রামচন্দ্রঘাট বিধানসভার অন্তর্গত লালটিলা এলাকায় আক্রান্ত হন যুব মোর্চার কর্মী রূপক ঘোষ। রূপক ঘোষের অভিযোগ, শুক্রবার বিজেপি রাজ্য কমিটির ডাকে খোয়াই রামচন্দ্রঘাট এলাকায় বেশ কিছু কর্মী সমর্থক ও রূপক ঘোষ আগরতলায় জরুরী বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে করে রূপক ঘোষ সহ অন্যান্যরা রাত এগারোটায় খোয়াই রওনা হয়। সেই মোতাবেক রাত দুইটা নাগাদ খোয়াই পৌঁছে অন্যান্য কর্মীদের বাড়িতে পৌঁছে দিয়ে রূপক ঘোষ তার নিজ বাড়িতে যাবার সময় খোয়াই লালটিলা এলাকায় পৌঁছলে তিপ্রামথার কার্যালয়ের সামনে থেকে কিছু কর্মী সমর্থক রূপক ঘোষের গাড়ি আটক করে রূপক ঘোষের উপর এলোপাথাড়ি হামলা চালায়। পরবর্তী সময় রূপক ঘোষ কোনক্রমে নিজের প্রাণ বাঁচিয়ে গাড়ী নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
এই ঘটনার খবর চাউর হতেই, তীব্র উত্তেজনা দেখা দেয় প্রার্থী সঞ্জীব দেববর্মার কর্মী সমর্থকদের মধ্যে। দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে শনিবার সকালে খোয়াই রামচন্দ্রঘাট সড়কটি অবরোধ করে বসে প্রার্থীর কর্মী সমর্থক। এদিকে ছুটে যায় খোয়াই থানার পুলিশ। সুষ্ঠু তদন্ত ক্রমে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে কর্মীরা। ঘটনায় পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ে। পুলিশ ও আধা সামরিক বাহিনী এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। অভিযোগ মূলে দুর্বৃত্তদের গ্রেপ্তার করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

