স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জুলাই :সাব্রুম থানাধীন ছোটখিল বিজয়নগর এলাকায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নাবালিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত নাবালিকার নাম অপ্সরা গড় (১৫)। সে বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাঁর পিতার নাম সুকান্ত গড়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সাব্রুম মহকুমা হাসপাতাল থেকে সাব্রুম থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর খবর পাঠানো হয়। এরপর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালের তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। বর্তমানে মৃতদেহটি ময়না তদন্তের জন্য সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ কর্মী জানিয়েছেন, সোমবার বিদ্যালয়ে পরীক্ষা ছিল তার।
পরীক্ষা হলে পৌঁছাতে দেরি হয়েছিল। এদিকে বাড়ি থেকে ভাত না খেয়ে পরীক্ষা দিতে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অভিভাবকদের সঙ্গে কথা বলে তার সুস্থতার জন্য হাসপাতালে পাঠায়। হাসপাতাল থেকে চিকিৎসার পর বাড়ি ফিরে বিকেল বেলা। তারপর বাড়িতে অভিভাবকরা তাদের মেয়ে অপ্সরাকে ভাত না খেয়ে পরীক্ষা দিতে যাওয়া বকুনি দেয়। এরপরেই রাতের বেলা মৃতদেহ নিয়ে আসে হাসপাতালে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সবার মনে প্রশ্ন অস্বাভাবিক মৃত্যু পেছনে কারণ কি?

