বাড়িরাজ্যপাঁচ দিন কাজে আসতে না পারায় ছাটাই হলেন এক সাফাই কর্মী

পাঁচ দিন কাজে আসতে না পারায় ছাটাই হলেন এক সাফাই কর্মী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জুলাই : আগরতলা পুর নিগমের ২৭ নং ওয়ার্ড এলাকায় এক সাফাই কর্মীকে কাজ থেকে বাদ দেওয়াকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অসুস্থতার কারণে পাঁচ দিন কাজে অনুপস্থিত থাকার পরও মেডিকেল নথি জমা দিয়েও পুনরায় কাজে যোগদানের সুযোগ পাননি বলে অভিযোগ তুলেছেন সাফাই কর্মী হরে কৃষ্ণ দাস। তারপর এলাকার কাউন্সিলর সুভাষ ভৌমিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এনেছেন তিনি। হরে কৃষ্ণ দাসের দাবি, তিনি টানা ১৩ মাস সাফাই কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 কিন্তু মাত্র পাঁচ দিন অসুস্থ থাকার কারণে কাজে যেতে না পারায় তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। পরে তিনি মেডিকেল সার্টিফিকেট জমা দিলেও পুনরায় কাজে নিয়োগ করা হয়নি। বরং তার জায়গায় অন্য একজনকে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ।তিনি আরও জানান, বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, আগরতলা পুর নিগমের মেয়র, ডেপুটি মেয়র, বিজেপি-র রাজ্য সভাপতি এবং সংশ্লিষ্ট জোনাল অফিসে লিখিতভাবে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেছেন।

হরে কৃষ্ণ দাসের আরও অভিযোগ, বর্তমান মণ্ডল সভাপতি স্বপ্না দাস নাকি কাউন্সিলর সুভাষ ভৌমিককে জানিয়েছিলেন, তাকে পুনরায় কাজে নিলে ভবিষ্যতে কাউন্সিলরের টিকিট দেওয়া হবে না। এই কথাটি কাউন্সিলর নিজেই তাকে জানিয়েছেন বলেও দাবি করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, আগে তিনি সবজি বিক্রি করতেন। প্রাক্তন মণ্ডল সভাপতি চিত্র দেব এবং প্রাক্তন বিধায়ক রেবতী মোহন দাসের উদ্যোগে তিনি এই সাফাই কর্মীর কাজ পান। বর্তমানে তার পরিবর্তে যুব মহিলা মোর্চার এক কর্মীকে নিয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এছাড়াও হরে কৃষ্ণ দাসের দাবি, একই ওয়ার্ডের আরও দুই কর্মী প্রায় এক মাস ধরে কাজে অনুপস্থিত থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি কাউন্সিলর সুভাষ ভৌমিক। তাই তার ক্ষেত্রে ভিন্ন আচরণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য