স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জুলাই : শ্রমিক স্বার্থ বরোধী শ্রম কোড বাতিল করা, বিদুৎ মাশুল হ্রাস করা, স্মার্ট মিটার বাতিল করা, জি রাম জি প্রকল্প বাতিল করে পুরোনো মনরেগা চালু করে ৭০০ টাকা মজুরি প্রদান করা, পেট্রোপন্যের মূল্য হ্রাস করা সহ সহ একাধিক দাবিতে সি আই টি ইউ সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। সি আই টি ইউ রাজ্য কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত সি আই টি ইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সংকর প্রসাদ দত্ত বলেন, সারা দেশে নয়া শ্রমকোড কার্যকর করা শুরু করেছে সরকার।
এতে করে শ্রমিকদের কাজের সময়সীমা বাড়বে এবং মজুরি হ্রাস পাবে। তিনি আরো অভিযোগ তুলেন শ্রমজীবী মানুষের উপর আক্রমণ ক্রমাগত বাড়ছে। অপরদিকে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করছে সরকার। বিদ্যুৎ বিলের সঙ্গে বিভিন্ন চার্জ ঢুকিয়ে দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন নতুন চার্জ চাপিয়ে দেওয়া হচ্ছে এবং স্মার্ট মিটার লাগাতে বাধ্য করছে ভোক্তাদের। এর ফলে মানুষের বিদ্যুৎ বিল দ্বিগুণ আসছে। এতে করে শ্রমজীবী অংশের মানুষ ব্যাপকভাবে আর্থিক সংকটের মুখে পড়ছে। কেউ কেউ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। অন্যদিকে রাজ্যের জাতীয় সড়ক গুলির অবস্থা বেহাল। এগুলি দিয়ে চলাচল করলে মনে হয় যেন ধান চাষ ভালো হবে এই রাস্তায়। অন্যদিকে রাজ্যে আইন শৃঙ্খলা ব্যাপকভাবে অবনতি ঘটছে। লুটপাট এতটাই চরমসীমায় গিয়ে পৌঁছেছে যে স্বদলীয় কর্মীদের খুন করে ফেলছে লুটপাটের জন্য। সুতরাং, রাজ্যে আইনের শাসন আছে বলে মনে হয় না। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিআইটিইউ আওয়াজ তুলছে যে অবিলম্বে সমস্যা গুলি সমাধান করা হোক।

