স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জুলাই : রাত পোহালেই রথযাত্রা। রথ যাত্রা ঘিরে উৎসব মুখর শহর আগরতলা। কোন ধরনের অনভিপ্রেতকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বুধবার জগন্নাথ জিউ মন্দিরের নিরাপত্তা ঘুরে দেখলেন জেলা শাসক ডঃ বিশাল কুমার, জেলা পুলিশ সুপার নমিত পাঠক এবং ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর সহ লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। এদিন পরিদর্শনে গিয়ে প্রশাসনিক আধিকারিকরা মন্দির কমিটির সঙ্গে কথা বলেন। রথের উচ্চতা খতিয়ে দেখেন জেলা শাসক। এবং মন্দির কমিটির সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করা হয়।
পরবর্তী সময়ে জেলাশাসক সংবাদ মাধ্যমকে জানান, তিনি পরিদর্শনে এসে দেখতে পেয়েছেন নিরাপত্তার কথা মাথায় রেখে রথযাত্রা উৎসবের আয়োজন করছে মন্দির কমিটি। আগেই রথের উচ্চতা ৫ ফুট নির্ধারিত করে দেওয়া হয়েছিল। সেই মোতাবেক রথ তৈরি রেখেছেন তারা। আরো বলা হয়েছিল যাতে রাথের মধ্যে কোনরকম ইস্পাত ব্যবহার না করা হয়। পুরো রথ কাঠের হতে হবে। তারপরেও নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ নিগম, ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত থাকবেন। একই সঙ্গে এম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। শহরে যাতে যানজট সৃষ্টি না হয় তার জন্য রথের রোড ম্যাপ করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে যান চলাচলের জন্য বিকল্প সড়ক দিয়ে যাতায়াতের ব্যবস্থা রাখা হবে। এমনটাই জানিয়েছেন জেলা শাসক।

