স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জুলাই : উত্তর ত্রিপুরা জেলার গুরুত্বপূর্ণ শহর ধর্মনগর। ধর্মনগরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, শহরের প্রায় ৯৪ টি সিসিটিভি ক্যামেরা বর্তমানে অচল। গত এক থেকে দুই মাস ধরে অচল হয়ে পড়ে থাকায় শহরের চুরি ও অপরাধমূলক ঘটনার কিনারা করতে পারছে না পুলিশ। ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজার, সরকারি অফিস, হাসপাতাল ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করতে স্থাপন করা হয়েছিল প্রায় ৯৪ টি সিসি টিভি ক্যামেরা।
কিন্তু অভিযোগ, বর্তমানে এই ক্যামেরাগুলোর একটিও কার্যকর অবস্থায় নেই। প্রশাসনিক এক কর্মীর কাছ থেকে জানা যায়, গত এক ধরে সম্পূর্ণ অচল হয়ে রয়েছে গোটা নজরদারি ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এগুলো নষ্ট হয়েছে। বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি। অপরাধ সংঘটিত হলেও তার ফুটেজ সংগ্রহ করা যাচ্ছে না, যা তদন্তের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
অভিযোগ উঠেছে, বিষয়টি নিয়ে পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে একাধিকবার জানানো হলেও দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে, সিসিটিভি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মীর উপর দায় চাপানোর চেষ্টার অভিযোগও উঠেছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা দ্রুত সচল করার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ। ক্যামেরার নজরদারি ফিরবে কবে, সেটাই এখন বড় প্রশ্ন।

