স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১২ জুলাই : ভারত সরকারের পিটিজি দপ্তরের উদ্যোগে রাজ্যের রিয়াং ব্রু জনজাতির জনগণনা পুনরায় শুরু হয়েছে। গত শুক্রবার থেকে রাজ্যের ৮টি জেলায় একযোগে এই বিশেষ জনগণনার কাজ জোরকদমে শুরু হয়েছে। জানা গেছে, জনগণনার পুরো কার্যক্রম চারটি সামাজিক সংগঠনের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। এর মধ্যে প্রধান সমন্বয় ও তদারকির দায়িত্বে রয়েছে ব্রু সংগ্রাংমা মথহ্ সামাজিক সংস্থা। এছাড়াও সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে বিএসকো, ওয়াইবিএ এবং বিএসএম।
সাংবাদিক সম্মেলনে ব্রু সংগ্রাংমা মথহ্ সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক খনারাম রিয়াং জানান, প্রথমদিকে জনগণনার কাজে রিয়াং সম্প্রদায়ের পরিবর্তে অন্যান্য সম্প্রদায়ের ব্যক্তিদের নিয়োগ করা হয়েছিল। বিষয়টি তাদের সংগঠনের নজরে আসার পর সংশ্লিষ্ট দপ্তর এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে তা তুলে ধরা হয়। এরপর বিষয়টির গুরুত্ব অনুধাবন করে পিটিজি দপ্তর পুনর্বিবেচনা করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করে এবং জনগণনা কার্যক্রমে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে।
তিনি আরও জানান, পিটিজি দপ্তরের পক্ষ থেকে আগামী ১৫ দিনের মধ্যে জনগণনার কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে রিয়াং জনগোষ্ঠীর প্রকৃত জনসংখ্যা, সামাজিক ও আর্থিক অবস্থার নির্ভুল তথ্য সরকারের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। রবিবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু এলাকার রবীন্দ্র রিয়াং পাড়ায় অমৃত রিয়াংয়ের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ব্রু সংগ্রাংমা মথহ্ সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক খনারাম রিয়াং জনগণনার বিভিন্ন দিক, সংগঠনগুলোর ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি সকল রিয়াং পরিবারের প্রতি সঠিক তথ্য প্রদান করে জনগণনা সফল করতে সহযোগিতা করার আহ্বান জানান।

