স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুলাই : গুরুতর অসুস্থ শিশু মানশ্রীর উন্নত চিকিৎসার জন্য দিল্লির AIIMS-এ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব।
সাংসদের উদ্যোগে রবিবার মানশ্রীকে চিকিৎসার জন্য নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা প্রক্রিয়া নির্বিঘ্ন করতে আগরতলা ও নয়াদিল্লিতে অবস্থিত সাংসদের কার্যালয় সমন্বিতভাবে পরিবারের পাশে থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করে।
এর আগে বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং AIIMS-এর শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. শেফালি গুলাটির সঙ্গেও পরামর্শ করেন, যাতে মানশ্রীর চিকিৎসা দ্রুত শুরু করা সম্ভব হয়।
মানশ্রীর বাবা ধ্রুব চৌধুরী জানান, জরুরি ছুটিতে থাকলেও ডা. শেফালি গুলাটি ব্যক্তিগতভাবে মানশ্রীকে পরীক্ষা করেন। পরে AIIMS-এর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম শিশুটির বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে। পাশাপাশি সাংসদের দিল্লি কার্যালয়ের প্রতিনিধিরা হাসপাতালের প্রতিটি ধাপে পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেন।
তিনি আরও জানান, সাংসদ বিপ্লব কুমার দেবের হস্তক্ষেপের ফলে AIIMS-এ নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের তারিখও এগিয়ে আনা সম্ভব হয়েছে। আগামী শুক্রবার চিকিৎসকরা পুনরায় মানশ্রীর শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন। এরপর মেডিক্যাল মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হবে।

