স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুলাই : ১১ মাসের শিশু ইপ্সিতার চিকিৎসার জন্য এখনই জনসাধারণের কাছে অর্থ সংগ্রহ না করার আহ্বান জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সোমবার তিনি জানান, চিকিৎসকদের পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা ও চূড়ান্ত রোগ নির্ণয় সম্পন্ন হওয়ার পরই প্রয়োজনে অর্থ সংগ্রহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি জানান, স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. আবিরলাল নাথ, ডা. অর্পণ মিত্র এবং শিশু বিশেষজ্ঞ ডা. সঞ্জিত দেববর্মার পরামর্শে ইপ্সিতাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।
প্রতিমা ভৌমিক বলেন, মাত্র ১১ মাস বয়সে ইপ্সিতার ওজন প্রায় ২.৫ কেজি, যা অত্যন্ত উদ্বেগজনক। শিশুটি তীব্র অপুষ্টির পাশাপাশি একাধিক শারীরিক জটিলতায় ভুগছে। একটি মেডিক্যাল রিপোর্টে “SMA Uncertain” উল্লেখ থাকলেও চিকিৎসকদের মতে, এখনই স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (SMA) নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
তিনি আরও জানান, জিবি হাসপাতালে ইতোমধ্যেই ইপ্সিতার চিকিৎসা শুরু হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতে যদি ব্যয়বহুল চিকিৎসার জন্য বড় অঙ্কের আর্থিক সহায়তার প্রয়োজন হয়, তাহলে সাধারণ মানুষকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে স্বচ্ছতার সঙ্গে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, ইপ্সিতার শারীরিক অবস্থার উন্নতির জন্য সকলের কাছে প্রার্থনা ও সহযোগিতা কামনা করেছেন প্রতিমা ভৌমিক।

