স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১২ জুলাই : ভোট আসলে পাহাড়ের উন্নয়ন নিয়ে ময়দানে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিয়ে চোখের জল ফেলে ভোট আদায় করা এবং দুর্নীতির অভিযোগ তুলে ময়দান গরম করা রাজনৈতিক নেতাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর ভোট মিটে যেতেই উন্নয়নের টাকা কোথায় যাচ্ছে তার কোন হিসেব নেই। আমবাসা-গন্ডাছড়া রাস্তা দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে বেহাল দশায় পরিণত হয়ে আছে। বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি কোন দলের নেতৃত্বকে দেখা যায়নি রাস্তাটি নিয়ে ময়দানে সরব হতে।
শুধুমাত্র বৈতরণী পার হওয়া মূল উদ্দেশ্য তাদের। এমনটাই মনে করছে রাস্তা নিয়ে পথচারীরা। কেউ কেউ আশ্চর্যজনকভাবে সমালোচনা করছে এটা রাস্তা নয় যেমন সুইমিং পুল! গত কয়েক দিনের বৃষ্টিতে আরো বিপদজনক হয়েছে রাস্তাটির। এদিকে যেমন বিশাল বিশাল আকৃতির গর্ত রয়েছে অন্যদিকে ধস নেমে রাস্তার অর্ধেক অংশ তলিয়ে গেছে। এক সময় আমবাসা থেকে গন্ডাছড়া যেতে হলে দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে যাওয়া যেত কিন্তু এখন চার ঘণ্টার বেশি সময় লাগে। খারাপ রাস্তার কারণে অনেক যান চালক গাড়ি চলাচল বন্ধ রেখেছে। দেড় মাইল, তিন মাইল, সাড়ে চার মাইল, হরিণছড়া, গঙ্গানগর এই সমস্ত এলাকার থেকে কোন রোগী অসুস্থ হলে হাসপাতালে আনতে হলে অনেক সমস্যায় পড়তে হয় এই রাস্তার কারণে।
বৃষ্টি হলে যান চলাচলের সময় যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। এমনকি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অতিরিক্ত যাত্রী বহন করে টমটম ও অটো এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। ফলে দুর্ঘটনা সংঘটিত হলেও প্রশাসন নিদ্রায় আচ্ছন্ন। এদিকে এক পথচারী জানান গত কয়েকদিন আগে রাস্তাতে সংস্কারের জন্য এসেছিল। কিন্তু রাস্তাটির পুরনো পিচ এবং মাটি খুঁড়ে আরো বারোটা বাজিয়ে দিয়ে গেছে। বর্তমানে রাস্তাটি দিয়ে চলাচলের কোন অবস্থা নেই। এই অভিযোগগুলি তুলেছেন পথচারীরা। উল্লেখ্য, ভোট মিটতেই নেতাদের দামী দামী কালো গাড়ির বহর বেড়েছে। অথচ, উন্নয়নের ছিটেফোটাও নেই পাহাড়ে। দুর্নীতি যেন কামড়ে ধরে আছে নাটক মঞ্চস্থ করা রাজনৈতিক দলগুলির নেতাদের। তবে কিছু রাজনৈতিক নেতার নিজের ফায়দার জন্য এই ধরনের অভ্যেস এবং জনগণ ঠকানো কোন নতুন বিষয় নয়। ভোট আসলে আবার ময়দানে সড়ক হয়ে রাস্তা নিয়ে আওয়াজ তুলবে, জনগণের পাশে দাঁড়াবে।

