স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১১ জুলাই : মাথা গোজার ঠাঁই নেই। জীবন ঝুঁকি নিয়ে আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশে একাধিক পরিবার বসতবাড়ি নির্মাণ করে দিনযাপন করছেন। কুম্ভ নিদ্রায় আছে প্রশাসন। গাড়ি চালক ও স্থানীয়দের আশঙ্কা, যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। জানা গেছে, লংতরাই ভ্যালি মহকুমার নালকাটা বি.এস.এফ ক্যাম্প সংলগ্ন আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশে একাধিক পরিবার বসতবাড়ি নির্মাণ করে দিনযাপন করছেন। গাড়ি চালক ও স্থানীয়দের আশঙ্কা, এলাকাটি দুর্ঘটনাপ্রবণ এবং অতীতেও এখানে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। তাদের আশঙ্কা, যে কোনো সময় নিয়ন্ত্রণ হারানো কোনো যানবাহন সড়কের পাশের বাড়িতে ঢুকে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারে।
এ অবস্থায় গাড়ি চালক ও স্থানীয়রা ধলাই জেলার লংতারাই ভ্যালি মহকুমা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, নলকাটা বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকাটি দ্রুত পরিদর্শন করে পরিস্থিতি যাচাই করার জন্য এবং জন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য। এদিকে আশেপাশের বাড়ি ঘরের লোকজন জানায় তারা ২৫ থেকে ৩০ বছর ধরে এলাকায় বসবাস করছেন। বহু দুর্ঘটনার সাক্ষী হয়েছেন তারা। অথচ প্রশাসনের পক্ষ থেকে তাদের উচ্ছেদের জন্য কোন নোটিশ কিংবা মৌখিকভাবে বলা হয়নি। তাদের বলা হয়েছে, কোন সময় রাস্তাটির প্রশস্ত বাড়ানো হলে তাদের উঠে যেতে হবে। দুর্ঘটনা ঘটার পর নয়, বরং আগাম পদক্ষেপ নেওয়ার উপর জোর দিতে সকলের দাবি। উল্লেখ্য, গত কয়েকদিন আগে বিধায়ক রঞ্জিত দেববর্মা পশ্চিম ত্রিপুরার জেলা শাসককে একটি চিঠি দিয়ে পশ্চিম জেলার জাতীয় সড়কের পাশে বসবাসকারী এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সরকারি জমি দখল করে যেভাবে তারা বসবাস করছেন তাদের ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন। পাশাপাশি অবিলম্বে ব্যবস্থা নিতে দাবি করেছেন তিনি। এরই মধ্যে ধলাই জেলার চিত্র সামনে উঠে এসেছে।

