স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ মে : সোমবার আগরতলা লোক ভবনে ত্রিপুরায় কর্মরত ৩৫ আসাম রাইফেলস এবং ৬৩৭ এসএটিএ বা সাটা ব্যাটারি (ভারতীয় সেনাবাহিনী)-কে সম্মাননা প্রদান করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ভারতীয় সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের জওয়ানদের হাতে সম্মাননাপত্র তুলে দেন। মূলত ভারতীয় সেনাবাহিনীতে সাটা ব্যাটারি বা রেজিমেন্টকে তাদের অসামান্য যুদ্ধকৌশল, নির্ভুল নজরদারি এবং শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করার দক্ষতার জন্য সম্মাননা দেওয়া হয়।
এই ইউনিটের মূল কাজ হলো আধুনিক প্রযুক্তির সাহায্যে শত্রুর কামান, মর্টার ও অন্যান্য লক্ষ্যবস্তুর সঠিক অবস্থান বের করে ভারতীয় আর্টিলারির আক্রমণকে সফল করা। রাজ্যপাল এইদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় সেনাবাহিনীর এই পারদর্শিতা তুলে ধরেন। অনুষ্ঠানে আসাম রাইফেলসের ২১ সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার নিশান্ত চান্দেল এবং ভারতীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা তথা বর্তমানে তিনি ৭৩ মাউন্টেন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার ধীরাজ কুমার সিং। সম্মাননা প্রদানের পাশাপাশি রাজ্যপাল ও কর্মকর্তাদের মধ্যে ত্রিপুরার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। আসাম রাইফেলসের পক্ষ থেকে ত্রিপুরায় পরিচালিত বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক এবং স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির প্রশংসা করেন রাজ্যপাল।

