বাড়িবিশ্ব সংবাদক্রুজে ছড়ানো হান্টাভাইরাসে উপসর্গ দেখা দেওয়ার শুরুতেই সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি: ডব্লিউএইচও

ক্রুজে ছড়ানো হান্টাভাইরাসে উপসর্গ দেখা দেওয়ার শুরুতেই সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি: ডব্লিউএইচও

জেনেভা, ১২ মে (হি.স.): ক্রুজে ছড়িয়ে পড়া প্রাণঘাতী হান্টাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে রোগীর উপসর্গ প্রকাশের শুরুর সময়েই সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেই কারণেই আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারান্টিনে রাখার সুপারিশ করেছে সংস্থাটি।

ডাচ পতাকাবাহী ক্রুজ জাহাজ ‘এমভি হন্ডিয়াস’-এ ছড়িয়ে পড়া এই বিরল ভাইরাস সংক্রমণে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। জাহাজ থেকে সরিয়ে নেওয়া যাত্রীরা নিজেদের দেশে ফিরে যাওয়ার পর সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক স্তরে উদ্বেগ বেড়েছে।

ডব্লিউএইচও-র মহামারি বিদ্যা ও বিশ্লেষণ বিভাগের প্রধান ডক্টর অলিভিয়ার লে পোলাঁ জানান, রোগের প্রাথমিক পর্যায়েই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাঁর কথায়, শুরুতে ক্লান্তি বা হালকা জ্বরের মতো উপসর্গ দেখা দিলেও পরে পরিস্থিতি গুরুতর আকার নিতে পারে। তাই উপসর্গ স্পষ্ট হওয়ার অপেক্ষা না করে সম্ভাব্য সংস্পর্শে আসা ব্যক্তিদের আলাদা রাখা জরুরি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাহাজে থাকা প্রায় ১৫০ জনের জন্য ছয় সপ্তাহের কোয়ারান্টিনের সুপারিশ করেছে। এই সময়সীমা অ্যান্ডিজ ভাইরাসের সর্বোচ্চ ইনকিউবেশন পিরিয়ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা প্রায় ৪২ দিন বলে ধরা হয়। অ্যান্ডিজ ভাইরাস হল হান্টাভাইরাসের এমন একটি ধরন, যা মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে।

ডব্লিউএইচও-র পরামর্শ মেনে একাধিক দেশ ইতিমধ্যেই কড়া কোয়ারান্টিন ব্যবস্থা চালু করেছে। জার্মানি, ব্রিটেন, সুইৎজারল্যান্ড ও গ্রিস ৪৫ দিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া ও ফ্রান্স যথাক্রমে তিন সপ্তাহ এবং দু’সপ্তাহের ন্যূনতম পর্যবেক্ষণ সময়সীমা নির্ধারণ করেছে।

তবে যুক্তরাষ্ট্র এখনও নিজেদের দেশে ফেরা যাত্রীদের জন্য বাধ্যতামূলক কোয়ারান্টিনের বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি। ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস একে ঝুঁকিপূর্ণ বলেই মন্তব্য করেছেন।

ডক্টর পোলাঁর মতে, ক্রুজের বদ্ধ পরিবেশ সংক্রমণ দ্রুত ছড়ানোর জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছিল। সীমিত জায়গার মধ্যে বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে থাকার কারণেই স্বাভাবিক পরিস্থিতির তুলনায় সংক্রমণ দ্রুত ছড়ানোর আশঙ্কা বেড়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য