স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ মে : এক মাস ধরে অন্ধকারে শান্তিরবাজার মহকুমা কালাপাড়া। বিদ্যুৎ-পানীয় জল নেই, বন্ধ মিড-ডে মিল। রাস্তায় নামার হুমকি বঞ্চিত মহিলাদের। গ্রামবাসীর অভিযোগ, রেল লাইনের জন্য মাটির নিচ দিয়ে আসা এলটি লাইনটি বিকল হয়ে আছে দীর্ঘ এক মাস ধরে।
যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কাও করছেন তারা। অথচ লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও বকাফা বিদ্যুৎ দপ্তর আজ পর্যন্ত সমস্যা সমাধানে কোনও উদ্যোগই নেয়নি। বিদ্যুতের অভাবে পানীয় জলের পাম্প অচল হয়ে পড়ে আছে। ফলে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। স্কুলে বিদ্যুৎ না থাকায় মিড-ডে মিল রান্না বন্ধ, পড়ুয়ারা অভুক্ত থাকছে। গরমে হাঁসফাঁস করছে শিশু থেকে বৃদ্ধ। এক কথায়, নরক যন্ত্রণায় দিন কাটছে গোটা কালাপাড়ার মানুষ। শেষমেশ ধৈর্যের বাঁধ ভেঙেছে গ্রামের মহিলাদের। সোমবার এক প্রতিনিধি দল বকাফা বিদ্যুৎ দপ্তরে গিয়ে এসডিও-র দপ্তরে তীব্র বিক্ষোভ দেখান। তারা বলেন, অবিলম্বে বিদ্যুৎ সংযোগ চালু না হলে কয়েকদিনের মধ্যেই রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

