স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ এপ্রিল : রাস্তা নিয়ে দুর্ভোগের শিকার সাধারণ জনগণ। মন্ত্রী সান্তনা চাকমার খাস তালুকে এই সমস্যায় জর্জরিত জনগণ। ভোট মরশুমে গুরুতর অভিযোগ তুললো মাছমারার এই প্রধান সড়কটি নিয়ে। অভিযোগ মাছমারার প্রধান সড়ক থেকে দেওয়ান বাড়ি পর্যন্ত গ্রামের একমাত্র সংযোগ সড়কটির বেহাল দশা। বহুদিন ধরে দাবি করেও যখন রাস্তা সংস্কার হয়নি তখন ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।
কারণ ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি ছাড়া কোন কিছুই মিলছে না এলাকাবাসীর। অবহেলা ও মেরামতের অভাবে রাস্তাটি এখন কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় খানাখন্দের জন্য বিভিন্ন সময় দুর্ঘটনা সংগঠিত হচ্ছে। প্রতিদিন এই পথ দিয়ে স্কুল পড়ুয়া, রোগী ও সাধারণ মানুষ যাতায়াত করলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সকলকে। বিশেষ করে জরুরি চিকিৎসার ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
অথচ এই এলাকার বিধায়ক এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। কিন্তু রাস্তাটি মন্ত্রী সান্তনা চাকমা পরিদর্শনও করেছেন। স্থানীয়দের দাবি, একাধিকবার বিষয়টি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে মিলছে না কোনো সাড়া। ফলে ক্ষোভ ক্রমেই বাড়ছে। আসন্ন ১২ এপ্রিলের নির্বাচনকে সামনে রেখে এই রাস্তার সমস্যাই এখন প্রধান ইস্যু হয়ে উঠেছে। তবে এই রাস্তায় উন্নয়নের ছোঁয়া কবে লাগবে সেটা নিয়ে যথেষ্ট সংশয় স্থানীয়দের মধ্যে।

