স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি :সোমবার উদয়পুর মহকুমার মাতাবাড়ি মন্ডলের উদ্যোগে জনজাতির জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন কমিউনিস্টরা মহারাজাদের ঘরের ভেতরে ঢুকিয়ে রেখেছিল। কিন্তু রাজ্যে বিজেপি ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর মহারাজাদের যোগ্য সন্মান দিয়েছে। নাম না করে তিনি তিপ্রা মথার উপর ধারাবাহিক কামান দাগেন। বলেন তাদের সরকার চালানোর কোনো ধ্যান ধারনাই নেই।
মুখ্যমন্ত্রী বলেন ভিলেজ কমিটি সংখ্যা হচ্ছে ৫৮৭ টা। হঠাৎ করে বলা নেই কোয়া নেই বাড়িয়ে দেওয়া হয়েছে ১২৩ টা। দপ্তর থেকে বলা হয়েছে কোনভাবেই এটা করা যায় না। ভিলেজ কমিটি করতে হলে ভিলেজ কমিটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কমিটি থেকে অনুমোদন নিতে হবে। ১২৩ টা ভিলেজ কমিটি করতে গেলে পরিকাঠামো প্রয়োজন। এর জন্য অর্থ বরাদ্দ করতে হবে। এর জন্য প্রয়োজন রাজ্যের অর্থ দপ্তরের কনকারেন্স। কিন্তু কোন কনকারেন্স না নিয়ে গায়ের জোরে ১২৩ টা বাড়িয়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মধ্যে বিচারাধীন এই বিষয়টি।
এরপর তড়িঘড়ি করে এই ১২৩ টি ভিসি বাতিল করে দেওয়া হয়েছে। গায়ের জোরে যখন যা খুশি তাই করছে। বক্তব্য রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন সন্ত্রাস ও বিভাজনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। বিজেপি বিশ্বাস করে উন্নয়নে। এদিন এই জনসভায় উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, মন্ডল সভাপতি বিশ্বজিৎ মারাক, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা প্রমুখ।

