স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ ফেব্রুয়ারি : জিরানিয়া রেল স্টেশনের পর এবার আগরতলা বাধারঘাট রেলস্টেশনে উদ্ধার হল পাচার হওয়া প্রচুর ফেনসিডিল। এক্সপ্রেস ট্রেনের পার্সেল ভ্যান থেকে উদ্ধার হয় কয়েক বস্তা এসকফ সিরাপ। যার কালোবাজারি মূল্য হবে আনুমানিক কয়েক কোটি টাকা। আগরতলা রেল পুলিশ এবং আরপিএফ জওয়ানরা গোপন খবরের ভিত্তিতে এদিন অভিযান চালায়। অভিযানে বড় সাফল্য আসে এদিন।
বিকেলবেলা ট্রেনটি আসার পর যখন নজরে আসে তখন গোটা বগি ঘিরে ফেলে পুলিশ। তারপর সন্ধ্যার পর বগি থেকে একের পর এক বস্তা বের করে এনে তল্লাশি শুরু করে জেআরপি-র পুলিশ কর্মীরা। খবর লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন মুখ খুলতে চায়নি। কারণ পুরো হিসেবে সম্পূর্ণ হয়নি। উল্লেখ্য, জিরানিয়া ফেন্সি কাণ্ডে কয়েকজনকে আটক করা হলেও প্রধান রাঘব বোয়ালদের জলে তুলতে পারছে না পুলিশ।
অদৃশ্য কারণে পুলিশ তাদের জালে তুলতে বারবারই ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ নামের তালিকায় এমন কিছু রাঘববোয়ালের নাম জড়িত যা রাজ্য পুলিশের জন্য জালে তোলা কঠিন হয়ে পড়বে। কারণ কান টানলে মাথা অবশ্যই আসবে। যারা এভাবে নেশা জাতীয় কফ সিরাপ রাজ্যের পাচার করছে তারা কোন অংশে সাধারণ নাগরিক কিংবা সাধারণ যুবক নয়, সেটা সকলেই বুঝতে পারে। যারা এভাবে রাজ্যে সরকারি ট্রেন কাজে লাগিয়ে ফেনসিডিল পাচার করছে তারা বড়সড় রাঘব বোয়াল। অথচ তাদের বিরুদ্ধে প্রশাসনের করা পদক্ষেপ নেই।

