স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জানুয়ারি :সোনামুড়ার বটতলী পৌষ সংক্রান্তি মেলায় নিখোঁজ বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধার পুকুরের জল থেকে। ঘটনার বিবরনে জানা যায়, মেলাঘর থানার অন্তর্গত চুন্দুল গ্রাম পঞ্চায়েতের কানীপাথর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা খরিন্দ নোয়াতিয়া, বয়স ৮৫ বছর। খরিন্দ নোয়াতিয়া পরিবারের সকলের সাথে মঙ্গলবার রাতে সোনামুড়ার বটতলী পৌষ সংক্রান্তি মেলাতে গিয়েছিলেন। রাত্রি ১২ টা পর্যন্ত সকলে একসাথে থাকলেও ১২ টার পর খরিন্দ নোয়াতিয়া নিখোঁজ হয়ে যান।
পরিবারের লোক অনেক খজাখুজির পরও খরিন্দ নোয়াতিয়াকে খুজে না পেয়ে সোনামুড়া থানায় মিসিং ডাইরি করেন। কিন্তু বৃহস্পতিবার মেলাঘর-সোনামুড়া সড়কের ন্যাংটা দরগা সংলগ্ন পুকুরের জলে ভেসে উঠে খরিন্দ নোয়াতিয়ার মৃতদেহ। স্থানীয় এক ব্যক্তি পুকুরের জলে মৃতদেহ দেখতে পেয়ে এলাকার লোকজনদের বিষয়টি জানান। এলাকায় খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বহু লোক পুকুরের পাড়ে ভিড় জমায়। খবর দেওয়া হয় মেলাঘর দমকল বাহিনীর কর্মীদের। মেলাঘর দমকল কর্মীরা পুকুরের জল থেকে মৃত দেহ উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়।

