স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জানুয়ারি : ৬ দিনের মাথায় ডম্বুর জলাশয়ে ভেসে উঠল নিখোঁজ ধর্মজিৎ চাকমার মৃতদেহ। তাঁর বাড়ি গন্ডাছড়া মহকুমার ভক্ত পাড়া এলাকায়। ৪ জানুয়ারি ধর্মজিৎ দাদুর সাথে নারকেলকুঞ্জে কুল বিক্রয় করতে যায়। দিনভর কুল বিক্রয় করার পর বিকালে সে দাদুর সাথে নৌকা করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু আচমকা সে নৌকা থেকে পরে যায়। এবং ডম্বুর জলাশয়ে তলিয়ে যায় সে। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ডম্বুর জলাশয়ে তল্লাসি শুরু করে। দীর্ঘ সময় ডম্বুর জলাশয়ে তল্লাসি চালানোর পরও তার কোন হদিশ পাওয়া যায় নি। ঘটনার পরের দিন আগরতলা থেকে ছুটে যায় এনডিআরএফ-এর একটি দল। এনডিআরএফ জওয়ানরা টানা ডম্বুর জলাশয়ে তল্লাশি চালালেও ধর্মজিৎ-এর কোন হদিশ পায় নি।
অবশেষে ঘটনার ৬ দিনের মাথায় শুক্রবার ভোরে নারিকেল কুঞ্জ হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন এলাকায় ডম্বুর জলাশয়ে ভেসে উঠে ধর্মজিৎ-এর মৃতদেহ। স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এদিকে এনডিআরএফ -এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। গত পাঁচ দিন ধরে বহু খোঁজাখুঁজির পর একেবারে ব্যর্থতার পরিচয় দিয়েছে এন ডি আর এফ। জনগণের পয়সায় প্রতিমাসে মোটা অংকের বেতন গুনে প্রয়োজনের সময় সফলতা দেখাতে পারেনা তারা। চাকমাঘাট এলাকায় লরি চালকের মৃত্যুর ঘটনা নিয়ে আঙ্গুল উঠেছিল এন ডি আর এফ -এর দিকে। একের পর এক ব্যর্থতা যেন গ্রাস করেছে এন ডি আর এফ -কে। এমনটাই মানুষের মুখে মুখে। কোন ধরনের বড় অঘটন ঘটলে তখন তাদের ভূমিকা কি হবে সেটা সাধারণ দু একটি ঘটনা দ্বারাই প্রমাণ হয়ে গেছে বলে মনে করে অনেকে।

