স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জানুয়ারি : দুঃসাহসিক চুরি ঘটনা ফটিকরায়ের রাজনগরে।
জানা গেছে এলাকার দীর্ঘ ৪৫ বছরের পুরনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিহার রঞ্জন ঘোষ ও নিশি কান্ত ঘোষের মুদির দোকানে মঙ্গলবার রাতে নিশি কুটুমের চোরের দল প্রবেশ করে জিনিসপত্র ও নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়। দোকান মালিক নিশি কান্ত ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দোকানের দেওয়ালে ভেন্টিলেটর ভেঙ্গে ও দরজার লক খুলে, সিসি ক্যামেরা বন্ধ করে জিনিসপত্র গুলি নিয়ে চম্পট দেয়।
পরবর্তী সময়ে চুরির ঘটনার বিষয়টি নজরে আসে দোকানের মালিকের। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে চুরির অভিযোগ নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। দোকানের মালিকের কাছ থেকে জানা যায় এলাকায় বিভিন্ন জায়গায় কীর্তন চলছে। অতিরিক্ত মাইকের আওয়াজের কারণে বিষয়টি আঁচ করতে পারেননি কেউ। বিভিন্ন জিনিস নিয়ে দোকানের পেছনে দরজা দিয়ে পালিয়েছে চোর। কারণ ঘটনার পর তারা দেখতে পায় দোকানের পেছনের দরজা খোলা। এলাকায় আগেও একাধিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। পুনরায় চুরির ঘটনার পর আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা।

