স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ডিসেম্বর : আসন্ন এডিসি নির্বাচন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে সিপিআইএম রাজ্য কার্যালয়ে শুরু হয়েছে দলের দুদিনের রাজ্য কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত আছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্ব। সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা বলেন, প্রত্যেক দেড় থেকে দুমাস অন্তর অন্তর ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। একইভাবে ২১ এবং ২২ ডিসেম্বর রাজ্য কমিটির বৈঠক হবে। এই বৈঠকে বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ইস্যু গুলি আলোচনায় উঠে আসবে।
এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা হলো দেশের নাগরিকদের ১০০দিনের কাজের গ্যারান্টির ঐতিহাসিক অধিকার বাতিল করার জন্য নতুন আইন তৈরি করেছে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার। দেশ স্বাধীন হওয়ার ৫৭ বছর পর ১০০দিনের কাজের অধিকার পেয়েছিল দেশের মানুষ। সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে কিভাবে জনগণকে নিয়ে কর্মসূচি হাতে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে। অন্যতম আলোচনার দিক হলো গত দু মাসে রাজ্যে কিভাবে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, দুর্নীতি এবং নারী নির্যাতন সহ নেশা দ্রব্যের ব্যাপক পাচার ও ব্যবহার নিয়ে আলোচনা হবে। এগুলি দ্বারা মানুষের বসবাস করা কিভাবে অনুপযুক্ত হয়ে উঠেছে সেই বিষয় নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে জনগণকে সজাগ করা যায় এবং সরকারকে প্রতিহত করা যায় সেইগুলি নিয়ে কথা বলা হবে।
তৃতীয়তঃ সামনে যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম অর্থাৎ এডিসি নির্বাচন নিয়ে আলোচনা করা হবে। সরকার চাইলে ভিলেজ কমিটির মতো এ নির্বাচন আটকে বকলমের মাধ্যমে ক্ষমতা ভোগ করতে পারবে না। কারণ এ নির্বাচন পার্লামেন্টের আইন তৈরির মাধ্যমে হবে। সুতরাং আগামী মার্চ, এপ্রিল মাসে এই নির্বাচন হবেই। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই শাসন দলের বিজেপি এবং শরিক দল তিপরা মথা একে অপরের মাথা ফাটাচ্ছে। কারণ এডিসিতে যে লুট চলছে সেটা একা কেন তিপরা মথা লুট করবে কেন? বিজেপি সেখানে ভাগ বসাতে চায়! তাই দুই দলই ২৮ টি আসন নিয়ে হুংকার ছুড়ছে। তাই সে জায়গায় আসন্ন নির্বাচনের কি রণনীতি হবে সে বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে বলে জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

