স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ডিসেম্বর : ২১ ডিসেম্বর রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় টিকাকরণ দিবস। এদিন রাজ্যজুড়ে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মহারানী তলসীবতী বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে। গত ১৪ বছর ধরে ভারত পোলিও-মুক্ত থাকলেও প্রতিবেশী কয়েকটি দেশে এখনও পোলিও ভাইরাসে শিশুরা আক্রান্ত হচ্ছে। ভারতের প্রতিবেশী দেশগুলিতেও সাম্প্রতিক সংক্রমণ দেখা দেওয়ায় রোগটি আবার এই দেশে প্রভাব ফেলতে পারে। দেশের পোলিও-মুক্ত অবস্থান বজায় রাখতে নিয়মিত পালস পোলিও টিকাকরণ এবছরও পালিত হচ্ছে। পাঁচ বছরের নিচে প্রত্যেক শিশুকে দুই ফোঁটা পোলিও’ র ডোজ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দুই ফোঁটা ডোজ-ই শিশুদের ভবিষ্যতে হাত-পা অকেজো হয়ে যাওয়ার আশঙ্কা থেকে রক্ষা করতে পারে।রাজ্যের প্রত্যেকটি এলাকায় অস্থায়ী টিকাকরণ কেন্দ্র, স্কুল, উপ-স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও হাসপাতালগুলিতে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে এ বছরের পালস পোলিও কর্মসূচি সফল করতে স্বাস্থ্য দপ্তর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এই অভিযানে শূন্য থেকে ৫ বছরের ৩ লক্ষ ৪০ হাজার ৮৭৪ জন শিশুকে পোলিও’ র ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়। ৩ হাজার ৪০৯ টি টিকাকরণ বুথে ১৩ হাজার ৬৩৬ জন টীকাদানকারী পোলিও’ র ডোজ খাওয়ানো হবে। ৬৮২ জন সুপারভাইজার পুরো কর্মসূচি তদারকি করবেন।
যেসব শিশু ২১ ডিসেম্বর ডোজ নিতে পারবে না, তাদের ২২ ও ২৩ ডিসেম্বর, ২০২৫ তারিখে বাড়ি বাড়ি গিয়ে আশা ও স্বাস্থ্যকর্মীরা পোলিও’ র ডোজ খাওয়াবেন। স্বাস্থ্য দফতর রাজ্যের প্রতিটি এলাকা পোলিও টিকাকরণ কর্মসূচির আওতায় আনতে বিশেষ নজরদারি ও জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। একটি শিশুও যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সেই লক্ষ্য নিয়ে ডোর-টু-ডোর অভিযান অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা সাজু ওয়াহিদ এ, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ও সমাহর্তা ডাঃ বিশাল কুমার, স্বাস্থ্য অধিকারের অধিকর্তা ডাঃ দেবশী দেববর্মা পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডাঃ অঞ্জন দাস প্রমুখ।

