স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ডিসেম্বর : ১৯৮৯ সালের ২১ ডিসেম্বর নলুয়ার সিপিআইএম ঘাতক বাহিনীর হাতে খুন হতে হয় বিরোধী দলের নয়জন সদস্যকে। যা আজও স্মরণ করে নলুয়া বাসী। প্রতিবছর ৩৭ ঋষ্যমুখ মন্ডলের উদ্যোগে নলুয়ায় পালন করা হয় শহীদান দিবস। এই বছরও ব্যতিক্রম হয় নি। রবিবার নলুয়ায় অনুষ্ঠিত হয় শহীদান দিবস। শহীদান দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয় প্রকাশ্য সমাবেশের। সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সমাবেশের শুরুতে উপস্থিত সকলে শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। পরে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গরিব খুন যদি কেউ করে থাকে তা করেছে কমিউনিস্টরা।
মা কিংবা বাবা মারা গেলে শ্রাদ্ধ পর্যন্ত করত না কমিউনিস্টরা। কমিউনিস্টদের প্রেত আত্মার সাথে তুলনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি আরও বলেন সিপিআইএম-এর নীতি ও নেতা ত্রিপুরা রাজ্যে এমনকি ভারতবর্ষে প্রয়োজন নেই। কারন তারা দেশ বিরোধী। কারন তারা গরিব, জনতা, মহিলা ও সমাজ বিরোধী। তিনি নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নিশানা করে বলেন আগে মানুষ কেবলমাত্র ত্রিপুরার একজন মুখ্যমন্ত্রীকেই চিনত। আর এখন মানুষ ত্রিপুরাকে চেনে। মানুষ চিনে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে। এই মন্দিরে এখন প্রতিদিন ১০ হাজার লোকের সমাগম ঘটে। এর ফলে ত্রিপুরার মানুষের আর্থসামাজিক অবস্থানের উন্নতি ঘটছে। সিপিআইএম এর উপর কামান দাগতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন এই দুনিয়াতে সবচেয়ে বেশি গরিবের খুন করেছে কমিউনিস্ট পার্টি। এটা রাশিয়াতেই হোক কিংবা চিনেই হোক। সিপিআইএমকে এদিন তিনি মাওবাদীদের সঙ্গেও তুলনা করেন।
তিনি বলেন, সিপিআইএম হচ্ছে মাওবাদীদের অন্তিম রূপ। কমিউনিস্টরা ভারত বিরোধী, রাষ্ট্রবিরোধী, মহিলা বিরোধী, সমাজ বিরোধী। ভারত বিরোধী তত্ত্বকে উৎসাহিত করাই হচ্ছে কমিউনিস্টদের মূল কাজ। তিনি আরো বলেন, নলুয়া থেকে আগরতলা পর্যন্ত যদি বিপ্লব কুমার দেব হাটেন তাহলে কোন বাড়িতে আর সিপিআইএমকে খুঁজে পাওয়া যাবে না। অপরদিকে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কমিউনিস্টদের হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি কথা বলা শুরু করলে কমিউনিস্টরা বাড়িতে থাকতে পারবে না। কারন কমিউনিস্টের নেতারা যে জায়গায় ভাষণ দিতেন তারা ভাষণ শেষ করে আগরতলায় পৌঁছানোর পূর্বে সমাবেশ স্থলে খুন সন্ত্রাস শুরু হয়ে যেত। বিজেপি নেতারা কোথাও ভাষণ দিলে সেখানে খুন সন্ত্রাস হয় না। প্রতিমা ভৌমিক বামফ্রন্ট সরকারের সময় রাজ্যের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনার কথা তুলে ধরে কমিউনিস্টদের তীব্র সমালোচনা করেন। এইদিনের সমাবেশে সাংসদ বিপ্লব কুমার দেব, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিন জেলা কমিটির সভাপতি দিপায়ন চৌধুরী, ঋষ্যমুখ মণ্ডলের সভাপতি, বিধায়িকা স্বপ্না মজুমদার সহ অন্যান্যরা।

