স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ডিসেম্বর : রাজ্যের একমাত্র পুষ্টি প্রকল্প প্রদান করা হয় অঙ্গনওয়াড়ি সেন্টার গুলির মাধ্যমে। কিন্তু প্রতিদিন শহর থেকে গ্রাম সর্বত্র অঙ্গনওয়াড়ি সেন্টার গুলির বিরুদ্ধে মানুষের অভিযোগ উঠে আসছে। এবার যে অভিযোগ সামনে এসেছে সেটা হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়মিত আসেন না দিদিমণি। শিক্ষা ও মিড-ডে-মিড থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। এই অভিযোগ সাব্রুম মহকুমার অন্তর্গত সেবানন্দ পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির বিরুদ্ধে।
স্থানীয় অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি ছায়া দাস নিয়মিত আসেন না। যার ফলে পঠন পাঠন থেকে শুরু করে শিক্ষা ও পুষ্টিকর আহার থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। সাব্রুম মহকুমার অন্তর্গত রুপাইছড়ি ব্লকের অধীনে কাঁঠালছড়ি সেবানন্দ পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় নাগরিকরা। স্থানীয়দের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একজন দিদিমণি ও একজন সহায়িকা রয়েছেন। গত কয়েক মাস ধরে দিদিমণি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঠিক ঠাক ভাবে আসছেন না।
দিদিমনির অনুপস্থিতিতে সহায়িকা প্রতিনিয়ত ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করে। দিদিমনির অনুপস্থিতির ফলে শিশুরা শিক্ষা, মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে এছাড়াও এলাকাবাসীর আরো অভিযোগ অঙ্গনওয়ারী সেন্টারে গ্যাসের ব্যবস্থা থাকার পরেও দিদিমণি এবং সহায়িকা প্রতিনিয়ত সেন্টারের পাশে থাকা বাড়ি থেকে লাকরি এনে মিড ডে মিল রান্না করে। এলাকাবাসীরা আরো জানান এ বিষয়ে দিদিমণিকে কিছু বললে দিদিমণি তাদের উপর তেলে বেগুনে জ্বলে উঠে। এলাকাবাসীরা জানতে চাইলে তিনি প্রতিনিয়ত অসুস্থতার কথা বলে কাটিয়ে দেয় । তাই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। উর্ধ্বতন কর্তৃপক্ষ এবারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে এটাই দেখার।

