স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর :রাজ্যের একমাত্র পুষ্টি প্রকল্প নিয়ে সরকার যথেষ্ট উদাসীন। আমলা রাজ দিন দিন এই প্রকল্পকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে। এই অধঃপতন আমলাদের চরম উদাসীনতা। যার কারণে একাংশ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা বর্তমানে ফাঁকিবাজ হয়ে গেছেন। যার কারণে করবুক ব্লকের অন্তর্গত সগরাম পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের করুন অবস্থা।
অভিযোগ দিদিমনি আশারানী চাকমা ঠিক মতো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেন না। সহায়িকা প্রতিদিন সকালে সময়মতো অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলে দিলেও দিদিমনি আসেন না বলে প্রাক প্রাথমিক শিক্ষা লাটে উঠেছে। মাঝে মধ্যে দিদিমনি তার ছেলেকে দিয়ে কিছু পুষ্টি প্রকল্পের খাবার পাঠিয়ে দেন। কিন্তু পুষ্টি প্রকল্পের খাবারগুলি সঠিকভাবে বন্টন করার জন্য দিদিমনি নিজে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেন না বলে বেনিফিসারিরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন যাবত এভাবে চলতে থাকলেও ফাঁকিবাজ ওই দিদিমণির বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তর কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না।
অভিযোগ দিদিমনির স্বামী গুনবান চাকমা শাসকদলের নেতা হওয়ার সুবাদে দিদিমনি দীর্ঘদিন যাবত এই দায়িত্বহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছে। যার ফলে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ। এলাকার শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রাক-প্রাথমিক শিক্ষা পাচ্ছে না বলে অভিভাবকদের বাধ্য হয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি করাতে হচ্ছে। শিশুদের পাশাপাশি গর্ভবতী মহিলারাও সরকারি পুষ্টি প্রকল্পের খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে। সবকিছু জেনেশুনেও অভিযুক্ত দিদিমনির বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছেন না সিডিপিও সহ অন্যান্য আধিকারিক। ফলে চরম বঞ্চনা শিকার এলাকাবাসী।

