Thursday, July 30, 2026
বাড়ি রাজ্য উদয়পুর-আগরতলা রুটে যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে, থানায় অভিযোগ

উদয়পুর-আগরতলা রুটে যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে, থানায় অভিযোগ

উদয়পুর-আগরতলা রুটে যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে, থানায় অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ নভেম্বর : সোমবার সকাল থেকে উদয়পুর-আগরতলা রুটে সম্পূর্ণভাবে যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ রেখেছে উদয়পুরের বাস গাড়ির মালিক ও শ্রমিকরা।  মালিক ও শ্রমিক সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আগরতলার গাড়ির মালিকরা উদয়পুরের গাড়ির প্রতি বৈষম্যমূলক আচরণ করে আসছেন।

তারা দাবি করেন, রুট শৃঙ্খলা মানা হচ্ছে না, স্ট্যান্ডে গাড়ি ঢোকার ক্ষেত্রে একাধিকবার বাধা দেওয়া হচ্ছে, এমনকি যাত্রী টানাটানি করার অভিযোগও উঠেছে দুই পক্ষের মধ্যে। এর বিরুদ্ধে প্রশাসনিক এবং সংগঠনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ না থাকায় ক্ষোভ দানা বেঁধেই গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তাদের। আরো অভিযোগ, যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্ত না হয় এবং দোষীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ না করা হবে ততক্ষণ উদয়পুরের গাড়ি মালিক–শ্রমিকরা রাস্তায় গাড়ি নামাবেন না। ঘটনার জেরে সকাল থেকেই উদয়পুর স্ট্যান্ডে যাত্রীদের ভিড় দেখা গেলেও আগরতলা অভিমুখী একটি বাসও ছাড়েনি।

অন্যদিকে, আগরতলার বাস চালকরা উদয়পুর দিয়ে যাচ্ছিল তাদের নাকি হুমকি দিয়েছে উদয়পুরের বাস মালিক রাজু মজুমদারের নেতৃত্বে কিছু যুবক। এই নিয়ে রাধাকিশোরপুর থানায় আসে আগরতলার বাস মালিকরা। তাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলকে কালিমালিপ্ত করার জন্য উদয়পুরের রাজু মজুমদার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথমে দেখা গিয়েছে উদয়পুর থেকে আগরতলা বাস চলাচল বন্ধ। এবার আগরতলার বাস চালকরা সংবাদ মাধ্যমের ক্যামেরায় জানিয়েছে আগরতলা থেকে গোমতী জেলা এবং দক্ষিণ জেলার সমস্ত বাস চলাচল বন্ধ থাকবে। যতদিন পর্যন্ত উদয়পুরের রাজু মজুমদারকে না সরানো হয় ততদিন আগরতলার বাস চালকরা বাস চালাবে না। তবে অন্য রুটের দূরপাল্লার গাড়িগুলি স্বাভাবিকভাবেই চলছে বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ইতিমধ্যেই মালিক-শ্রমিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবহণ দপ্তর, দুই জেলার গাড়ির মালিক সংগঠন ও শ্রমিক সংগঠনের যৌথ বৈঠক করার দাবি উঠেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha