স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ নভেম্বর : আন্দোলন কর্মসূচির ঘোষণা দিল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের কনভেনার তথা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন, প্রায় ৪০ হাজার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে আসছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ ত্রিপুরা রাজ্য কমিটি। এই দাবি গুলিকে সামনে রেখে ৪ জুলাই মহাকরণ অভিযান করে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ।
একই সাথে রাজ্যের মুখ্য সচিবের হাতে স্মারক লিপি তুলে দেওয়া হয়। মুখ্য সচিব আশ্বাস দিয়েছিলেন অনিয়মিত কর্মচারী মঞ্চের দাবি গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে যাবেন। মুখ্য সচিবের নিকট স্মারক লিপি প্রদানের পর ৩ মাস অপেক্ষা করা হয়েছে। এই সময়ের মধ্যে মুখ্য সচিবের কাছ থেকে কোন উত্তর পাওয়া যায় না। পরবর্তী সময় দুর্গা পূজার প্রাক মুহূর্তে মুখ্য সচিবের নিকট চিঠি প্রেরন করা হয়। জানিয়ে দেওয়া হয় যদি সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে ১৫ নভেম্বরের পর বিকল্প আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হবে।
তার পরও মুখ্য সচিবের কাছ থেকে কোন উত্তর পাওয়া যায় নি। তিনি আরও জানান তাদের দেওয়া সময় সীমা শেষ হয়ে গেছে। তাই আগামীদিনে অনিয়মিত সরকারি কর্মসূচি নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে। রাজ্যের মুখ্যসচিব কথা না রাখার প্রতিবাদে আগামী ১৪ ডিসেম্বর উদয়পুরে এবং ২১ ডিসেম্বর ধর্মনগরে গনবস্থান করা হবে। রাজ্যবাসীর নিকট অনিয়মিত কর্মচারীদের বঞ্চনার ইতিহাস তুলে ধরা হবে। এরপরও যদি রাজ্য সরকারের ঘুম না ভাঙে তাহলে জানুয়ারি মাসে আগরতলায় কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ, মৃন্ময় চক্রবর্তী, কৌশিক নাথ সহ অন্যান্যরা৷

