স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ নভেম্বর :সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ তম বর্ষ পূর্তি উদযাপন করা হয়। বিভিন্ন জায়গায় রাজ্যপাল, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে আধিকারিকরা দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেন। প্রদেশ বিজেপি কার্যালয়ে বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ তম বর্ষ পূর্তি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য, সুবল ভৌমিক, সহসভানেত্রী পাপিয়া দত্ত, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসিম ভট্টাচার্য সহ অন্যান্যরা। উপস্থিত সকলে মিলে সেখানে এক সাথে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন।
প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন বন্দে মাতরম ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রচিত শুধুমাত্র একটা গান নয়। বন্দে মাতরম কোটি কোটি ভারতবাসীর প্রেরণার স্রোত। বন্দে মাতরম এই দুইটি শব্দ একটা সময় ইংরেজ শাসকদের বুকে কম্পন ধরিয়ে দিয়েছিল। বন্দে মাতরম ভারতবর্ষের সাংস্কৃতিক বন্দনের প্রতিক। এদিকে বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ তম বর্ষ পূর্তি উদযাপন করা হল রাজ্য পুলিশের সদর দপ্তরে।
এইদিন রাজ্য পুলিশের সদর দপ্তরে বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর, রাজ্য পুলিশের শীর্ষ স্তরের আধিকারিক সহ বিভিন্ন জেলার পুলিশ সুপাররা। সেখানে এইদিন এক প্রদর্শনীর আয়োজন করা হয়। রাজ্য পুলিশের মহানির্দেশক সহ অন্যান্য আধিকারিকরা প্রদর্শনী ঘুরে দেখেন। পরে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর জানান শুক্রবার বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ তম বর্ষ পূর্তি। স্বাধীনতা আন্দোলনে বন্দে মাতরম সঙ্গীতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ।

