স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ নভেম্বর :উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত রাজারবাগ এলাকায় বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল স্থানীয়রা। নিজ বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো ৪৩ বছর বয়সী এক গৃহবধূর। মৃতার নাম দীপ্তি দাস। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালবেলা স্বামী শ্রীকৃষ্ণ দাস প্রাতঃ ভ্রমণে বের হন। শ্রীকৃষ্ণ দাস প্রাতঃভ্রমনে বের হয়ে যাওয়ার পর সকাল প্রায় ছয়টা নাগাদ শ্রীকৃষ্ণ দাসের বাড়িতে এলাকাবাসী দেখতে পায় শ্রীকৃষ্ণ দাসের স্ত্রী দীপ্তি দাসের অগ্নিদগ্ধ অবস্থা।
মুহূর্তের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় নিজ বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। এলাকাবাসীরা খবর দেয় শ্রীকৃষ্ণ দাসকে, তিনি ছুটে এসে স্ত্রীর অগ্নিদগ্ধ অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙ্গে পড়ে। পরবর্তীতে খবর দেয় অগ্নিনির্বাপক দপ্তরকে, তৎক্ষণাৎ অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে শ্রীকৃষ্ণ দাসের স্ত্রীকে উদ্ধার করে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ত্রিপুরা স্টেট ফরেন্সিক টিম তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান, নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগাতে পারে, তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় গোটা রাজারবাগ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা অনেকেই জানিয়েছেন, দীপ্তি দাস স্বভাব শান্ত ছিলেন। তিনি ঘর থেকেও খুব কম বের হতেন। উনার এমন মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এলাকার মানুষজন। তবে পেছনে কি রহস্য রয়েছে সেটা জানার জন্য চেষ্টা করছে এলাকাবাসী। এলাকাবাসী দাবির সঠিক তদন্ত হলে বের হয়ে আসবে কিভাবে মৃত্যু হয়েছে উনার।

